‘গুন্ডে’র বিরুদ্ধে গণজাগরণের সমাবেশ আহ্বান
ভারতীয় ‘গুন্ডে’ চলচ্চিত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে সংযুক্ত অংশ প্রত্যাহারসহ তিন দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ ডেকেছে গণজাগরণ মঞ্চ।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচারের দাবিতে আন্দোলনে থাকা সংগঠনটির মুখপাত্র ইমরান এইচ সরকার রোববার সাংবাদিকদের বলেন, “সোমবার বিকাল ৪টায় শাহবাগের প্রজন্ম চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।”
গণজাগরণের দাবিগুলো হচ্ছে- ইতিহাস বিকৃতকারী 'গুন্ডে' সিনেমা থেকে বিকৃত অংশ প্রত্যাহার, সংশোধন না হওয়া পর্যন্ত চলচ্চিত্রটির বিপণন বাংলাদেশে নিষিদ্ধ করা এবং ভারতে সরকারি-বেসরকারি পর্যায়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার সব অপচেষ্টার বিরুদ্ধে বাংলাদেশের তরফ থেকে যথাযথ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো।
গত ১৪ ফেব্রুয়ারি বলিউডি চলচ্চিত্র ‘গুন্ডে’ মুক্তি পাওয়ার পরপরই ব্লগ ও ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবমাননা করার পাশাপাশি ইতিহাস বিকৃত করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
নির্মাতা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের কাছেও ব্যক্তি পর্যায়ে প্রতিবাদ জানানো হয়।
প্রতিবাদ আর সমালোচনার মধ্যে রোববার ‘গুন্ডে’র কড়া প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এর প্রদর্শন বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শামীম আহসান জানিয়েছেন, এই চলচ্চিত্রের জন্য ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে। বর্তমান আঙ্গিকে ওই চলচ্চিত্রের প্রদর্শন অবিলম্বে বন্ধের অনুরোধ করা হয়েছে।
গত ১৯ ফেব্রুয়ারি নিজেদের ব্লগে এক পোস্টে দুঃখও প্রকাশ করে যশরাজ ফিল্মস।
তাদের পোস্টে বলা হয়, “চলচ্চিত্রে যেভাবে গল্প তুলে ধরা হয়েছে তাতে অনেক বাংলাদেশি ভাই আপত্তি জানিয়েছেন। তবে এর কাহিনি ও গল্প পুরোপুরি কাল্পনিক। কোনো জাতি, সমাজের বিশেষ কোনো অংশ বা কোনো ব্যক্তির প্রতি অশ্রদ্ধা দেখানোর অভিপ্রায় নেই।
“তারপরেও এতে কেউ আহত হলে বা কারো প্রতি অশ্রদ্ধা প্রকাশ করা হয়েছে বলে মনে করলে আমরা তার জন্য ক্ষমা চাইছি।”
যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, গুন্ডেতে বাংলাদেশের জন্মকে দেখানো হয়েছে ভারত-পাকিস্তানের ১৩ দিনের যুদ্ধের ফল হিসেবে, যা শুরু হয় ১৯৭১ সালের ৩ ডিসেম্বর।
যশরাজ ফিল্মস বলেছে, “মুক্তিযোদ্ধা ও শহীদদের আত্মত্যাগের বিনিময়েই একটি স্বাধীন দেশের জন্ম হয়। এটা কখনোই ভোলার নয়। স্বাধীনতা অর্জনের জন্য বাংলাদেশের মানুষকে অনেক মূল্য দিতে হয়েছে। বাংলাদেশের মানুষের স্বাধীনতা সংগ্রামের কথা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
“তবে ‘গুন্ডে’ একটি কল্পিত কাহিনী (ফিকশন), যাতে যুদ্ধে বাস্তুচ্যুৎ হওয়া পরিবারের দুর্দশার চিত্র তুলে ধরা হয়েছে।”
গুন্ডের প্রদর্শন বন্ধের দাবি বাংলাদেশের
