এবার হজের সুযোগ পাচ্ছেন এক লাখ বাংলাদেশি
এবার হজ মওসুমে দেশের এক লাখ এক হাজার ৭৫৮ জন মুসলিম হজ পালনের জন্য সৌদি আরবে যেতে পারবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার প্রথম হজফ্লাইট ছাড়ার আগে বিমানে অপেক্ষমাণ যাত্রীরা। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার প্রথম হজফ্লাইট ছাড়ার আগে বিমানে অপেক্ষমাণ যাত্রীরা। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
হজ বিষয়ে সৌদি সরকারের সঙ্গে চুক্তি শেষে দেশে ফিরে রোববার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এতথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, ১৬ ফেব্রুয়ারি তার সঙ্গে সৌদি সরকারের হজ্জ বিষয়কমন্ত্রী বন্দর বিন মোহাম্মদ হাজ্জারের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ২০১৪ সালে সরকারিভাবে ১০ হাজার ও বেসরকারিভাবে ৯১ হাজার ৭৫৮ জন হজ করতে পারবেন।
তিনি জানান, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার মানুষের হজের সুযোগ পাওয়ার কথা থাকলেও কাবা মেরামতের কারণে সব দেশের হ্জযাত্রীদের সংখ্যা কমিয়েছে সৌদি সরকার।
ধর্মমন্ত্রী বলেন, “সৌদি বিমানে করে পঞ্চাশ শতাংশ এবং বাংলাদেশের বিমানে করে পঞ্চাশ শতাংশ হজযাত্রী বহনের বিষয়ে একটি চুক্তি হয়েছে।”
হজযাত্রীরা পছন্দমতো পরিবহনে কেন হজে যেতে পারবে না- তা নিয়ে উচ্চ আদালতের রুলের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, “আমরা আপীল করবো। তবে রায়ের কপি হাতে পেলে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এবছর জামানত ৫০ রিয়াল ধরা হলেও হজের জন্য মোট কত খরচ হবে তা জানাতে পারেননি তিনি।
মন্ত্রী বলেন, “এবিষয়ে আগামী মাসে জানানো হবে।”
