নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার মুখ বাঁধা অবস্থায় পদ্মা নদীতে তার ভাসমান লাশ পাওয়া যায়।
মৃতের চাচাত ভাই বাসেদ দেওয়ান জানান, শনিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি আমিন। পরিবার ও আত্মীয় স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি।
সকালে স্থানীয়রা বাড়ির কাছে পদ্মায় তার ভাসমান লাশ দেখে পুলিশকে খবর দেয়। তার মুখ নিজের পরনের লুঙ্গি দিয়ে বাঁধা ছিল।
সখিপুর থানার ওসি সমীর সরকার বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
ছেলের লাশ পাওয়ার পর বাবা ইয়াছিন দেওয়ান ও মা তাছলিমা বেগমের আহাজারিতে গ্রামের পরিবেশ ভারি হয়ে ওঠে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আল আমিনের বাবা ইয়াছিন দেওয়ান বলেন, “আমার ছেলেকে শত্রুতা করে খুন করেছে। আমি খুনের বিচার চাই।”
