জামিন বাতিল, আদালত থেকে পালাল জুবায়ের হত্যার ৪ আসামি
জামিন বাতিল হওয়ার ‘আভাস’ পেয়ে হাজিরা দিতে এসে আদালত থেকে পালিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলার চার আসামি।
এরা হলেন- খন্দকার আশিকুল ইসলাম, খান মো. রিয়াজ, মাহবুব আকরাম ও ইশতিয়াক মেহবুব অরূপ।
রোববার সকালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এ মামলার শুনানিকালে এই চার আসামি কাঠগড়ায় হাজির থাকলেও দুপুরে জামিন বাতিলের আদেশ ঘোষণার সময় তাদের পাওয়া যায়নি।
জুবায়ের আহমেদ (ফাইল ছবি)
জুবায়ের হত্যার বিচার দাবিতে আন্দোলনরত এক শিক্ষার্থীকে হুমকি দেয়ায় ওই চারজনসহ ছয় আসামির জামিন বাতিল করেন বিচারক এবিএম নিজামুল হক।
অন্য দুই আসামি রাশেদুল ইসলাম ও জাহিদ হাসান এদিন আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।
এদিন জুবায়েরের সুরতহালের সাক্ষী গুলশান থানার তৎকালীন উপপরিদর্শক হুমায়ুন কবীর আদালতে সাক্ষ্য দেন।
২০১২ সালের ৮ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক পক্ষের হামলায় নিহত হন আরেক পক্ষের কর্মী ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্র জুবায়ের।
ওই হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট আন্দোলনে খুনিদের মদদদাতা হিসেবে তৎকালীন উপাচার্য অধ্যাপক শরিফ এনামুল কবীরের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। ওই আন্দোলনের মুখে পদত্যাগ করেন উপাচার্য এনামুল কবীর।
হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন নিবন্ধক হামিদুর রহমান বাদি হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেন।
২০১২ সালের ৮ এপ্রিল ৩৭তম ব্যাচের ১৩ ছাত্রের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা মীর শাহীন শাহ পারভেজ।
আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র শফিউল আলম সেতু ও অভিনন্দন কুন্ডু, প্রাণীবিজ্ঞান বিভাগের আশিকুল ইসলাম আশিক, খান মোহাম্মদ রিয়াজ ও জাহিদ হাসান, দর্শন বিভাগের কামরুজ্জামান সোহাগ, ইশতিয়াক মেহবুব অরুপ এবং রাশেদুল ইসলাম রাজু, সরকার ও রাজনীতি বিভাগের মাহবুব আকরাম, ইতিহাস বিভাগের মাহমুদুল হাসান ও মাজহারুল ইসলাম, অনুজীব বিজ্ঞান বিভাগের নাজমুস সাকিব তপু এবং লোকপ্রশাসন বিভাগের নাজমুল হাসান প্লাবন।
