২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধর্মকে কটাক্ষ’ করায় শিক্ষক দণ্ডিত

ধর্মকে কটাক্ষ করার অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একটি স্কুল শিক্ষক ও পত্রিকা সম্পাদককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 09:06 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

শনিবার সন্ধ্যায় দণ্ডিত এসএম তিতুমীর ঋষভ তিতুমীর গোদাগাড়ীর পিরিজপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এছাড়া তিনি ‘খেয়া’ নামের অনুমোদনহীন একটি দ্বি-মাসিক পত্রিকার সম্পাদক।

কারাদণ্ড হওয়ার পর তাকে কর্মস্থল স্কুলের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গোদাগাড়ী মডেল থানার ওসি আবু মোকাদ্দেম আলী বলেন, এসএম তিতুমীর ঋষভ সম্পাদিত গোদাগাড়ীর সাহিত্যধারা সংগঠনের উদ্যোগে ‘খেয়া’ নামের একটি অনুমোনহীন পত্রিকায় বসন্ত ১৪২০ সংখ্যায় মুসলিম ও হিন্দু ধর্মকে অবমাননা করে একটি কবিতা প্রকাশিত হয়।

কবিতার নাম ‘আব্বাকে লেখা আমার দ্বিতীয় কবিতা’।

ওসি বলেন, গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্বরে শুক্রবার শুরু হওয়া বই মেলার স্টলে ওই পত্রিকাটি বিক্রি হওয়ার পর কবিতাটি পাঠকদের নজরে আসে।

শনিবার সকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা তার কর্মস্থল পিরিজপুর মাধ্যমিক বিদ্যালয়ও ঘেরাও করে।

এ বিক্ষোভের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ খালিদ হোসেন ঘটনাস্থলে যান এবং এসএম তিতুমীর ঋষভকে ওই স্কুলের সহকারী শিক্ষকের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করার ঘোষণা দেন। সেই সঙ্গে পত্রিকাটির প্রকাশনাও বন্ধ ঘোষণা করেন।

পরে গোদাগাড়ী থানা পুলিশ স্কুলের একটি কক্ষ থেকে এসএম তিতুমীর ঋষভকে গ্রেপ্তার করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ খালিদ হোসেন জানান, নওসাদ নিখিল নামের কথিত এক ব্যক্তির নাম দিয়ে ‘খেয়া’ পত্রিকায় ওই কবিতাটি প্রকাশ করা হয়। এতে মুসলিম ও হিন্দু ধর্মকে কটাক্ষ করা হয়েছে।

তিনি বলেন, তার দপ্তরে সন্ধ্যায় বসানো ভ্রাম্যমাণ আদালতে তিতুমীর তার দোষ স্বীকার করার পর তাকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়।