২১ ফেব্রুয়ারি সরকারিভাবে পালনে যুক্তরাষ্ট্র কংগ্রেসে বিল
ভাষার অধিকার আদায়ে বাঙালির রক্ত ঝরানোর দিন ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সরকারিভাবে পালনের প্রস্তাব উঠেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে।
ইউনেস্কোর ঘোষণায় বিভিন্ন দেশে মাতৃভাষা পালনের মধ্যে ২১ ফেব্রুয়ারি কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এই বিল উত্থাপন করেন পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ডেমক্রেটদলীয় গ্রেস মেং।
এই বিলটি ভোটে যাওয়ার আগে প্রতিনিধি পরিষদে পররাষ্ট্র বিষয়ক কমিটির অনুমোদন লাগবে। গ্রেস মেং আশা করছেন, শিগগিরই তা ভোটে যাবে এবং সব সদস্যের অনুমোদনও পাবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে যথাযথ মর্যাদায় পালনের তাগিদ দিয়ে কংগ্রেসের এ বিলকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন।
এছাড়া ইউএস কমিটি ফর সেক্যুলার ডেমক্র্যাটিক বাংলাদেশের সভাপতি ও নিউ জার্সির সিটি কাউন্সিলম্যান নূরুন্নবী ও সেক্রেটারি জাকারিয়া চৌধুরী এক বিবৃতিতে গ্রেস মেংকে ধন্যবাদ জানিয়েছেন।
বিলটি কংগ্রেসে উত্থাপনের আগে গ্রেস মেং ব্ক্তব্যে ১৯৫২ সালে ঢাকার রাজপথে বাঙালির প্রাণ দেয়ার ওপর আলোকপাত করেন। এরপর তিনি ইউনেস্কোর স্বীকৃতিতে ভাষা রক্ষার দিনটি পালনের আহ্বান জানান।
গ্রেস মেং বলেন, সারাবিশ্বের মত যুক্তরাষ্ট্রেরও ৩৮১ ভাষার মধ্যে ১৪৫টি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। যুক্তরাষ্ট্রের ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য অটুট রাখতে হবে ঐতিহাসিক প্রয়োজনে। এজন্যেই ইউনেস্কোর সিদ্ধান্ত অনুযায়ী আমেরিকায়ও ২১ ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় মাতৃভাষা দিবস পালন করতে হবে।
