২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরণখোলায় আ.লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা

বাগেরহাটের শরণখোলায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের ওপর বিদ্রোহী প্রার্থীর লোকেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।    

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 12:59 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি সেতুর উপর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান মিলনের সমর্থকদের উপর এ হামলা হয়।

এতে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এ সময় ভাংচুর চালানো হয় তিনটি মোটরসাইকেলেও।

শরণখোলা থানার ওসি কাজী আব্দুস সালেক জানান, মিলনের সমর্থকদের উপর এ হামলায় আহত নয়জনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এরা হলেন- আব্দুল খালেক (৪৫), মো. জাকির হাওলাদার (৪০), মো. জাহাঙ্গীর আলম খান (৬০), মো. সবুর হাওলাদার (৫০), সরোয়ার হাওলাদার (৩৬), কামাল কাজী (৩০), আব্দুল বারেক হাওলাদার (৩৫), আব্বাস বয়াতি (৫০) এবং কুলসুম বেগম (৪৫)।

এরা উপজেলার সাউথখালী, মালিয়া রাজাপুর ও চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন সবাই আশংকামুক্ত।

আগামী ১৫ মার্চ এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

মিলন বর্তমানে শরনখোলার রায়েন্দা ইউনিয়নের চেয়ারম্যান।

তিনি অভিযোগ করেন, উপজেলার বর্তমান চেয়ারম্যান কামাল আকনের লোকেরাই এ হামলা চালিয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কামলা আকনকে সম্প্রতি দল থেকে বহিষ্কার করা হয়েছে।

হামলায় আহত সাউথখালীর ইউপি সদস্য মো. জাকির হোসেন হাওলাদার হাসপাতালে থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে মিলনের পক্ষে রায়েন্দায় নির্বাচনী সভা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে চেয়ারম্যান প্রার্থী আকন প্যানেলের ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসানুজ্জামানের নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্র ঠেকিয়ে তাদের পথ আটকায়।

“এ সময় লোহার রড ও হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আমাদের জখম করে এবং মিলনের পক্ষে নির্বাচনী প্রচারনা না চালাতে হুমকি দেয়।”

এ বিষয়ে জানতে কামাল আকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।