যশোরে অস্ত্রসহ শিবিরকর্মী গ্রেপ্তার
যশোরের মণিরামপুরে ভোটকেন্দ্রে আগুন দেয়াসহ চার মামলার আসামি এক শিবিরকর্মীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ভুলু হোসেন (২৮) উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের বজলুর রহমানের ছেলে।
মণিরামপুর থানার ওসি মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুরে ঢাকুরিয়া ইউনিয়নের জয়পুর গ্রামের একটি আমবাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মিজানুর বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, জামায়াত-শিবিরের গোপন বৈঠকের খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে ওই আমবাগানে অভিযান চালায় পুলিশ। এসময় শিবিরকর্মী ভুলু ও তার সহযোগীরা পুলিশের দিকে গুলি, বোমা ও ইট-পাথর ছুড়ে।
“পুলিশ পাল্টা গুলি ছুড়লে ভুলু আহত হলেও অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ ভুলুকে গ্রেপ্তার করে পুলিশ।”
ওসি বলেন, গত ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে আগুন, বাড়ি-ঘরে ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে ভুলুর বিরুদ্ধে মণিরামপুর থানায় চারটি মামলা রয়েছে।
দুই পায়ে গুলিবিদ্ধ ভুলুকে পুলিশ হেফাজতে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
