২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বাস্থ্যসম্মত’ যান পাবেন মীর কাসেম

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামী নেতা মীর কাসেম আলীকে ট্রাইব্যুনালে আনা-নেয়ার জন্য ‘স্বাস্থ্যসম্মত’ (হেলথ ফ্রেন্ডলি) যানের ব্যবস্থা করার আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 05:45 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

আসামি পক্ষের এক আবেদনে বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়।

গত মঙ্গলবার মীর কাসেমকে কাশিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা-নেয়ার জন্য আসামিপক্ষের খরচেই ‘সুবিধাজনক’ গাড়ি ব্যবহারের জন্য ট্রাইব্যুনালে আবেদন করেন তার ছেলে ও আইনজীবী মীর আহমেদ বিন কাসেম।

ওই দিন আবেদনের শুনানিতে আহমেদ বিন কাসেম বলেন, ২৭ জানুয়ারি আসামিপক্ষের এক আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী মীর কাসেমকে  আনা-নেয়ার জন্য প্রিজন ভ্যানের পরিবর্তে একটি মাইক্রোবাস দিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে ওই মাইক্রোবাসটি অত্যন্ত নিম্নমানের।

“ডিভিশনপ্রাপ্ত অনেক আসামিকে আদালতে আনা-নেয়ার সময় আসামিপক্ষের খরচে গাড়ির ব্যবস্থা করা হয়ে থাকে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে এজন্য ট্রাইব্যুনালে আদেশ প্রয়োজন।”

শুনানির পরে আদেশের জন্য বৃহস্পতিবার দিন রেখেছিল ট্রাইব্যুনাল।

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেমকে গত বছর ১৭ জুন গ্রেপ্তার করা হয়। এরপর ট্রাইব্যুনালের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় গত ৫ সেপ্টেম্বর।

তার বিরুদ্ধে আনা ১৪টি অভিযোগের মধ্যে আটজনকে নির্যাতনের পর হত্যা, লাশ গুম এবং ৩৪ জনকে অপহরণের পর আটকে রেখে নির্যাতনের অভিযোগ রয়েছে।

মীর কাসেম জামায়াতে ইসলামীর অন্যতম প্রধান অর্থ জোগানদাতা হিসেবে পরিচিত। তিনি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং রাবেতা আল ইসলামী নামে একটি এনজিওর সাবেক আবাসিক প্রতিনিধি।

জামায়াত সমর্থক বলে পরিচিত দিগন্ত মিডিয়া কর্পোরেশনেরও চেয়ারম্যান তিনি। ওই প্রতিষ্ঠানেরই সংবাদপত্র দৈনিক নয়া দিগন্ত এবং টেলিভিশন চ্যানেল দিগন্ত টেলিভিশন।

ছাত্রসংঘ নাম বদলে ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ইসলামী ছাত্রশিবির নামে বাংলাদেশে রাজনীতি শুরু করলে মীর কাসেম তার প্রতিষ্ঠাতা সভাপতি হন।