২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ুন আজাদ হত্যা মামলা ৬ মাসে নিষ্পত্তির নির্দেশ

অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 05:25 PM

Updated : 22 Aug 2022, 05:45 PM

মিজানুর রহমান নামে এক আসামির জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।

মিজানুর রহমানকে জামিন না দিয়ে দ্রুত মামলা নিষ্পত্তির জন্য দুই পক্ষকে যথাসময়ে সাক্ষী হাজির করতে নির্দেশ দিয়েছে আদালত।

রাষ্ট্রপক্ষে আদালতে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশিদ।মিজানের পক্ষে ছিলেন এম মোনতাকিন।

আদেশের পর মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্ট বেঞ্চ ছয় মাসের মধ্যে এ মামলা নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছে।”

আদেশে বলা হয়, ছয় মাসের মধ্যে মামলার নিষ্পত্তি না হলে ইতোমধ্যে যেসব সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে, তার ভিত্তিতে রায় দিতে হবে।

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে বাংলা একাডেমীর উল্টো পাশের ফুটপাতে হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন আজাদ।

হুমায়ুন আজাদের ওপর চরমপন্থী ইসলামী জঙ্গিরা এই হামলা চালিয়েছিলো বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে।

কয়েক মাস চিকিৎসা নেয়ার পর ২০০৪ সালের অগাস্টে গবেষণার জন্য জার্মানিতে যান এই লেখক। পরে ১২ অগাস্ট মিউনিখে নিজের ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

হামলার ঘটনার পর হুমায়ুন আজাদের ভাই  মানজুর কবির হত্যাচেষ্টার অভিযোগে রমনা থানায় মামলা করলেও সম্পূরক অভিযোগপত্র দাখিলের মধ্য দিয়ে এটি হত্যামামলায় পরিণত হয়।

২০১২ সালের ১০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে মামলার অভিযোগ গঠন হয়।

আসামি মিনহাজ জামিন চেয়ে ২০১১ সালে হাই কোর্টে আবেদন করলেও এ বিষয়ে শুনানি হলো বৃহস্পতিবার।

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন এ মামলার বাকি আসামিরা হলেন- আনোয়ারুল  আলম ওরফে ভাগ্নে শহীদ, নূর মোহাম্মদ শামীম ওরফে জে এম মবিন ওরফে সাবু, সালেহীন ওরফে সালাউদ্দিন ওরফে সজীব ওরফে তাওহিদ এবং হাফেজ মাহমুদ ওরফে রাকিব ওরফে রাসেল।

আসামিরা নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। তাদের মধ্যে নূর মোহাম্মদ শামীম ওরফে সাবু পলাতক আছেন।

হুমায়ুন আজাদের বিরুদ্ধে বিভিন্ন ওয়াজে বিষোদগার করা জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে প্রথমে এ মামলায় আসামি করা হলেও পরে বাদ দেয়া হয়।