নেত্রকোণায় আ.লীগ ও বিএনপি ১-১
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নেত্রকোণার দুর্গাপুরে আওয়ামী লীগ সমর্থিত আনারস প্রতীকের এমদাদুল হক খান এবং কেন্দুয়ায় বিএনপি সমর্থিত দোয়াতকলম প্রতীকের দেলোয়ার হোসেন ভুইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম রাত ১১টার দিকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এমদাদুল হক খানকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
তিনি ২৫ হাজার ৭১৬ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী ইমাম হাসান (আবু চান) ২৩ হাজার ৯৯১ ভোট পান।
ভাইস চেয়ারম্যান পদে আনোয়ার হোসেন আসাদ ২৯ হাজার ১২৪ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পারভীন আক্তার ৩০ হাজার ৯৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কেন্দুয়া উপজেলা
বুধবার রাত সাড়ে ১০টার দিকে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দেলোয়ার হোসেন ভুইয়া দুলালকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
তিনি ৬১ হাজার ৬৩৩ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আসাদুল হক ভৃইয়া ৫৯ হাজার ৬৯৩ ভোট পান।
ভাইস চেয়ারম্যান পদে মোফাজ্জল হোসেন ভুইয়া ৪১ হাজার ৭৬০ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহানার রোজি ৬০ হাজার ৪১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
