আল কায়েদার বার্তা: রাসেল ১০ দিনের রিমান্ডে
আল কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির অডিও বার্তা ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার রাসেল বিন সাত্তারকে তথ্য-প্রযুক্তি আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত।
আল কায়েদার বার্তা: রাসেলের বিরুদ্ধে ২ মামলা
আল কায়েদার ‘টেপ’ ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার
টাঙ্গাইলের বিচারিক হাকিম আদালতের বিচারক শাহাদাৎ হোসেন বুধবার শুনানি শেষে এই আদেশ দেন।
এ মামলার তদন্ত কর্মকর্তা টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল তায়াবীর বিকালে রাসেলকে আদালতে হাজির করে দুই মামলায় ১৫ দিন করে মোট ৩০ দিনের রিমাণ্ডের আবেদন করেন। তবে রাসেলের পক্ষে কোনো আইনজীবী না থাকায় তার জামিনের কোনো আবেদন আদালতে ওঠেনি।
শুনানি শেষে বিচারক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করলেও রাষ্ট্রদ্রোহের মামলায় রিমান্ডের শুনানি পরে হবে বলে জানান।
আল কায়েদার জিহাদি বার্তা ছড়ানোর অভিযোগে টাঙ্গাইল টেক্সটাইল ইন্সটিটিউটের শেষ বর্ষের ছাত্র রাসেলকে (২১) মঙ্গলবার টাঙ্গাইল শহরের মাঝিপাড়া থেকে আটক করে র্যাব।
পরে ঢাকার উত্তরায় র্যাবের প্রধান কার্যালয়ে রাসেল সাংবাদিকদের সামনেই স্বীকার করেন- ‘দাওয়াহ ইল্লাল্লাহ’নামের একটি ওয়েবসাইটে আসা জাওয়াহিরির একটি অডিও ক্লিপ তিনি বিভিন্ন সাইট ও ফেইসবুকে সেটি ‘পোস্ট ও শেয়ার’ করেছেন।
ওই অডিও বার্তায় বাংলাদেশ সৃষ্টির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশে ‘ইসলামবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানানো হয়।
মঙ্গলবার রাতেই রাসেলের বিরুদ্ধে দুটি মামলা করে তাকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করে র্যাব।
র্যাব-১২ উপ-সহকারী পরিচালক কামাল হোসেন করা মামলা দুটির মধ্যে একটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে সরকার ও সরকার প্রধানের বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর ছবি ও তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়েছে। অন্য মামলায় আনা হয়েছে রাষ্ট্রদ্রোহের অভিযোগ।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক এটিএম হাবিবুর রহমান মঙ্গলবার সাংবদিকদের বলেন, “যাবতীয় কর্মকাণ্ড দেখে ধারণা করা যাচ্ছে- রাসেল আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের কার্যক্রম এদেশে প্রচারের সঙ্গেও জড়িত।”
