২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে ডায়িং কারখানার কোষাধ্যক্ষ খুন

রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকা থেকে একটি ডায়িং কারখানার এক কর্মকর্তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 04:01 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

নিহত রফিকুল ইসলাম (৪৪) ‘সারাফত টেক্স’ ডায়িং কারখানার কোষাধ্যক্ষ ছিলেন।

বুধবার সকালে ‘সারাফত ভবনের’ একটি ঘরে তার লাশ পাওয়া যায় বলে দারুস সালাম থানার এসআই ইমরান হোসেন জানান।

ওই ভবনের দ্বিতীয় তলার একটি ঘরে কারখানার কোয়ালিটি কন্ট্রোলার মশিউর রহমানের সঙ্গে থাকতেন রফিকুল।

এসআই ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে মশিউর পলাতক।

“সম্ভবত রফিকুলকে হত্যার পর মশিউর পালিয়ে গেছেন।”

কারখানার মালিক শওকত পুলিশকে জানান, রফিকুল মঙ্গলবার শওকতকে ১৩ হাজার টাকা দিয়েছিলেন।

“হিসাব অনুযায়ী তেমন কোনো টাকা রফিকুলের কাছে থাকার কথা নয়”।

লাশ ময়নাতদন্তের জন্য ‘স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের’ মর্গে পাঠানো হয়েছে বলে এসআই ইমরান জানান।