ভোলা-গৌরনদীতে বিএনপি সমর্থিত প্রার্থীদের নির্বাচন বর্জন
কেন্দ্র থেকে দলীয় এজেন্টকে বের করে দেয়াসহ অনিয়মের অভিযোগ তুলে বরিশালের গৌরনদী ও ভোলার লালমোহনে উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও দলটির বিদ্রোহী প্রার্থীরা।
একই অভিযোগে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবুল কালাম আজাদ ভোট বর্জনের ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশালের গৌরনদী প্রেস ক্লাব চত্বরে হাজির হয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যানপ্রার্থী মেহেদী হাসান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী তাসলিমা পারভিন।
নির্বাচন বর্জনকারী বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী লোকমান হোসেন ও ভাইস চেয়ারম্যান প্রার্থী জহির সাজ্জাদ হান্নান শরীফও এসময় উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন মিয়া জানান, তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে। কেন্দ্রে ভোটার না থাকলেও ব্যালট বাক্সে ভোট পড়ছে। কর্মীসমর্থকদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।
বিএনপির বিদ্রোহী প্রার্থী লোকমান হোসেন বলেন, বিষয়টি রিটার্নিং অফিসারকে জানানো হলেও তিনি কোন ব্যবস্থা নেননি।
তবে নির্বাচনে কারচুপি ও কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার মত কোন ঘটনা জানেন না বলে দাবি করেছেন রিটার্নিং অফিসার মো. দুলাল তালুকদার।
তিনি বলেন, “এ ধরনের কোন অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।”
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় বরিশালে জেলার গৌরনদী ও বাকেরগঞ্জ উপজেলায় ভোট হচ্ছে।
এদিকে কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার পর প্রশাসনের কাছে অভিযোগ করে কোন প্রতিকার না পেয়ে ভোলার লালমোহনে বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আকতারুজ্জামান (দোয়াত-কলম) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
সকাল সাড়ে ১০টায় নিজ বাসায় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।
সিরাজগঞ্জের কাজিপুরি উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক সরকার বকুলের বিরুদ্ধে নির্বাচনে কারচুপি, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া ও আইনশৃঙ্খলা বাহিনীর নিস্ক্রিয়তার অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ।
সকাল ১১টার দিকে নিজ বাড়িতে এ ঘোষণা দেন তিনি।
এ বিষয়ে মোজাম্মেল হক সরকার বকুল বলেন, “আবুল কালাম আজাদ নিজের মাইজবাড়ি ইউনিয়ন ছাড়া অন্য কেন্দ্রগুলোয় এজেন্ট দিতে ব্যর্থ হয়েছেন। তাই নির্বাচনে হেরে যাওয়ার আশংকায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।”
অভিযোগের সত্যতা মেলেনি বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা শাফিউল ইসলাম।
এ উপজেলায় বিএনপি সমর্থিত রবিউল হাসান চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
