২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘টঙ্গীর ক্ষতবিক্ষত কিশোররা বিপথগামী’

টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে ২০ কিশোর শরীর কেটে রক্তাক্ত করার সাত দিন পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 09:33 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

মঙ্গলবার কিশোর কেন্দ্র পরিদর্শনকালে মহসিন আলী বলেন, এক মাসের আগে ঘটনাটির তদন্ত প্রতিবেদন পাওয়া সম্ভব হবে।

এ সময় তিনি সাংবাদিকদের জানান,  অবাধে মাদক গ্রহণের সুবিধা না পেয়ে বিপথগামী কতিপয় কিশোর নিজেদের শরীর কেটে ক্ষতবিক্ষত করেছে। এ ঘটনার মাধ্যমে তারা কর্মকর্তাদের বিপদে ফেলে অধিক স্বাধীনতা ভোগ করতে চেয়েছিল।

তিনি বলেন, অনেকের বসয় ২০ উত্তীর্ণ হলেও তারা এখনো এই কেন্দ্রে অবস্থান করছে। আবার অনেকে খণ্ডকালীন সময়ের জন্য এখানে আসায় তাদেরকে সংশোধনের আওতায় আনার সুযোগ পাওয়া যায় না।

এ ধরনের কিশোররাই অনাকাঙ্খিত ঘটনা ঘটাচ্ছে। কোর্টে হাজিরা দিতে গিয়ে তারা বাইর থেকে ফেনসিডিল ও ইয়াবা খেয়ে কেন্দ্রে ঢুকছে।

“উন্নয়ন কেন্দ্রের গেটে কড়াকড়ির কারণে ভেতরে মাদকদ্রব্য আনার সুযোগ না পেয়ে তারা নিজেদের শরীর নিজেরা কেটে রক্তাক্ত করছে,” বলেন মন্ত্রী।

তিনি ভেতরে গিয়ে কিশোরদেরকে কোনো সমস্য বা অভিযোগ আছে কিনা জিজ্ঞেস করলে অধিকাংশই বলেছে, কোনো সমস্য বা অভিযোগ নেই। তালিকা অনুযায়ীই তাদের খাবার সরবরাহ করা হচ্ছে।

তবে, গুটি কয়েকজন কিশোর নির্যাতনের কথা জানিয়েছে বলে মন্ত্রী স্বীকার করেন।

তারা অ্যাসেম্বলির (শরীর চর্চার) সময় শৃংখলা ভঙ্গের কারণে চড়-থাপ্পর বা মারধরের অভিযোগ করেছে। এসব নির্যাতনের পর্যায়ে পড়ে না।

কেন্দ্রের কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে নির্যাতন বা অনিয়মের কোনো অভিযোগ নেই দাবি করে মন্ত্রী সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেন, এতটুকুন শাসন করতে না পারলে এটি সংশোধনী কেন্দ্র হলো কেন?

কড়াকড়ির পরও ভেতরে কীভাবে মাদক ঢুকছে এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আমরা একটি মানুষের উপর ২৪ ঘণ্টা ওয়াচ করতে পারব না। তবে আরো সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা বাসানোর সিদ্ধান্ত নিয়েছি।”

খাবারের মান নিয়ে মন্ত্রী বলেন, “খাবারের মান খুবই ভাল। আমি নিজেও আজ কিশোরদের সঙ্গে বসে মাছ, ডাল, ভাত খেয়েছি।”

আপনি এসেছেন, তাই আজ ভাল খাবার পরিবেশন করা হয়েছে বলা হলে মন্ত্রী বলেন, নির্ধারিত মেনু অনুযায়ীই খাবার সরবরাহ করা হয়েছে। আমাকে খুশি করার উদ্দেশ্যে করা হলে নির্ধারিত মেনু ভঙ্গ করে মাছের পরিবর্তে মাংস পরিবেশন করা হতো।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোশকাত আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আইয়ুব হোসেন, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম) মো. মোয়াজ্জেম হোসেন, পরিচালক (প্রতিষ্ঠান) মো. জুলফিকার হায়দার ও অধিদপ্তরের গাজীপুরের উপ-পরিচালক মো. আজহার আলী মিয়া।

রাজধানীর কলাবাগান থানার একটি অস্ত্র মামলার এক কিশোর আসামি গত ১১ ফেব্রুয়ারি আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় কেন্দ্রের বাইরে মাদক সেবন করে।

এ ঘটনায় কিশোর উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তারা ওই কিশোরের অভিভাবকের কাছ থেকে মূচলেকা নেয়।

এর জেরে ওই রাতে ওই কিশোর ও তার ১৯ সহযোগী নিজেদের শরীর কেটে ক্ষতবিক্ষত করে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সেখানে তারা কর্তৃপক্ষের বিরুদ্ধে নির্যাতন ও নিম্নমানের খাবার পরিবেশনসহ নানা অভিযোগ উত্থাপন করে।

এ ঘটনা গণসাধ্যমে প্রকাশিত হলে সংবাদকে আমলে নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুলনিশি জারি করে এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে তিন সদস্যের কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।