সিরাজগঞ্জে প্রার্থীসহ জামায়াতের ২ নেতা গ্রেপ্তার
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জামায়াতের সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেল ও উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সলপ ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারি সোহেলকে আটক করা হয়।
সে পুলিশের কাজে বাধা ও নাশকতার ঘটনায় দায়ের করা একাধিক মামলা এজাহারভুক্ত আসামি।
“তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
এদিকে, সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি নাসির উদ্দিন জানান, উল্লাপাড়া থানা পুলিশের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পুলিশ লাইন্স এলাকা থেকে উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির শাহজাহান আলীকে গ্রেপ্তার করা হয়।
“তার নামে একাধিক মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”,
বিভিন্ন মামলায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জামায়াত নেতা শাহজাহান আলী কারাগারে ছিলেন। জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বেরুলে ফের তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।
