প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশ থেকে আরো জনশক্তি নেয়ার পাশাপাশি বিনিয়োগ বাড়াতে কাতারের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কাতারের নবনিযুক্ত রাষ্ট্রদূত আবদুল্লা আবদুল আজিজ মোহাম্মেদ আল-মানা মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার কার্যালয়ে গেলে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল পরে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান।
দশম জাতীয় সংসদ নির্বাচন জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করায় কাতার সরকার ও সে দেশের জনগণের পক্ষ থেকে শেখ হাসিনাকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত।
দুই দেশের সম্পর্ক জোরদারের ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।
রাষ্ট্রদূত বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তিগুলো বাস্তবায়নে কাতার সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করবে।
মাহবুবুল হক শাকিল বলেন, “প্রধানমন্ত্রী বৈঠকে বাংলাদেশ ও কাতারের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় করলে দুই দেশই লাভবান হবে বলে মত দেন।”
প্রধানমন্ত্রী মুসলিম দেশগুলোর মধ্যকার ভাতৃপ্রতিম সম্পর্ক আরো জোরদার করার ওপরও গুরুত্ব আরোপ করেন বলে তার বিশেষ সহকারী জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে আরো জনশক্তি নেয়ার এবং বাংলাদেশে মুসলিম দেশগুলোর বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে কাতার সফরের আমন্ত্রণ জানালে তা গ্রহণ করে সুবিধাজনক সময়ে সফরে যাওয়ার কথা বলেন শেখ হাসিনা।
এর আগে ২০১২ সালে কাতার সফরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সে দেশের সরকার ও জনগণের আতিথেয়তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আব্দুস সোবহান শিকদার, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব বিজন লাল দেব সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।
