গাজীপুরে আ. লীগ নেতাকে কুপিয়ে জখম
গাজীপুরে আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
জয়দেবপুর থানার এসআই মাহবুব নঈম জানান, সোমবার রাতে জেলা শহরের উত্তর ছায়াবীথি এলাকায় পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন হাফিজের (৪৫) ওপর হামলার ঘটনা ঘটে।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাফিজের ভাই সাগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত পৌনে ৯টার দিকে একটি প্রাইভেটকারে করে কয়েকজন দুর্বৃত্ত এসে বাসার কাছে রাস্তায় দাঁড়ানো হাফিজের ওপর হামলা চালায়।
“তারা হাফিজকে এলোপাতাড়ি কোপায় এবং গুলি করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।”
গুরুতর আহত হাফিজকে প্রথমে ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজে হাসপাতালে এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি সাগর। এসআই নঈম বলছেন, তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।
