২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইল উপনির্বাচনে আ. লীগের প্রার্থী চূড়ান্ত হবে বুধবার

টাঙ্গাইল-৮ আসনের উপ-নির্বাচনের জন্য আগামী বুধবার দলীয় প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 09:11 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। আগামী ২৩ মার্চ টাঙ্গাইল-৮ আসনে উপনির্বাচন হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি। টাঙ্গাইল-৮ আসনের সাংসদ আওয়ামী লীগ নেতা শওকত মোমেন শাহজাহান গত ২০ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় এই আসনটি শূন্য হয়। সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সৈয়দা সাজেদা চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, আলাউদ্দিন আহমেদ, কাজী জাফরউল্যাহ, ওবায়দুল কাদের ও সৈয়দ আশরাফুল ইসলাম।

বৈঠক শেষে তোফায়েল সাংবাদিকদের জানান, প্রার্থী চূড়ান্ত করতে মঙ্গলবার ও বুধবার দলীয় মনোনয়ন ফরম বিক্রি এবং জমা নেয়া হবে। বুধবার পুনরায় বৈফকে প্রার্থী চূড়ান্ত করা হবে।

দলীয় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা।

শওকত মোমেন দশম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নবম সংসদে তিনি কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।