২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুর সদরে নির্বাচন, ‘বেকায়দায়’ বিএনপি

জামালপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির দুইজন প্রতিদ্বন্দ্বিতা করায় বিপাকে পড়েছে দলটি বলে ভোটাররা মনে করছেন। তবে একক প্রার্থী থাকায় সুবিধাজনক অবস্থায় আওয়ামী লীগ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 08:34 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

দেশের উপজেলা নির্বাচনের প্রথম পর্বে ফেব্রুয়ারি আগামী বুধবার জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে।

অনেক ভোটারের ধারণা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজন কুমার চন্দের দোয়াত কলমের সাথে বিএনপির তৃণমূলের ভোটে নির্বাচিত প্রার্থী রুহুল আমীন মিলনের আনারস প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা হবার সম্ভাবনা রয়েছে ।

এছাড়া বিএনপির শরিকদল বিজেপির প্রার্থী কাজী নজরুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।

জামালপুর সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। পরে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

শেষমেষ দলের অপর প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হামিদ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তার প্রার্থীতা প্রত্যাহার করেন এবং বিজন কুমার চন্দকে সমর্থন করেন।

বিজন কুমারে জন্য মাঠে নেমে ভোটও চাইছেন তিনি।

দলের সব নেতা-কর্মী দোয়াত কলমের পক্ষে প্রচারে নামায় সুবিধাজনক অবস্থানে রয়েছে আওয়ামী লীগ প্রার্থী বিজন।

অপরদিকে, গত ২৪ জানুয়ারি দলীয় একক প্রার্থী চূড়ান্ত করতে গোপন ব্যালটে তৃণমূলের নেতাদের ভোটে নির্বাচিত হন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন মিলন।

তবে তৃণমূল নেতাদের ভোটে অংশ না নিয়ে প্রার্থী হন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন মল্লিক।

বিএনপির নেতা কর্মীরা জানান, দলীয় প্রার্থী চূড়ান্ত করতে এ মাসের শুরুতে ফের তৃণমূলের নেতাদের সাথে দ্বিতীয়বার মতবিনিময় করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন ।

স্থানীয় পাবলিক হলে  এ সভাতেও নেতাকর্মীরা মিলনকেই চেয়ারম্যান পদে দেখতে চান। কিন্তু কেন্দ্রীয় কয়েকজন নেতা সমর্থন করায় প্রার্থী  থেকে যান আমজাদ।

বিএনপির তৃণমূলের একাধিক নেতা-কর্মী সাংবাদিকদের জানান, সরকার-বিরোধী লাগাতার আন্দোলনে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন মিলন রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেন। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনসহ একাধিক মামলার আসামিও হয়েছেন।