নাটোরে দরপত্র জমাদানে ‘বাধা’
দুর্বৃত্তদের বাধার কারণে নাটোর সদরের ৩৪টি হাট-বাজার ইজারার দরপত্র জমাদানে বাধা দেয়ার অভিযোগ উঠেছে।
সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ৩৪ লাখ টাকা ন্যূনতম ইজারা মূল্যের এসব দরপত্র জমা নেওয়া হয়।
কর্তৃপক্ষ কম দরপত্র জমা পড়ার কথা স্বীকার করলেও, কে বাধা দিয়েছে কিংবা কারা বাধা দিয়েছে তা নিশ্চিত করেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইউএনওর কার্যালয়ের সামনে শতাধিক যুবক দরপত্র বাক্স ঘিরে অবস্থান নেয়। দরপত্র হাতে নিয়ে কেউ ওই বাক্সের কাছে যেতে পারছেন না। কেউ দরপত্রের খাম নিয়ে এগিয়ে গেরে তাকে বাধা দেওয়া হয়। এরপর তারা দরপত্র জমা না দিয়ে ফিরে যান।
সকাল সাড়ে ১০টায় এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হামিদুর রহমান দরপত্র দাখিল করতে গেলে তাকে কয়েক দফা আটকে দেওয়া হয়। বাধা উপেক্ষা করে টেন্ডার বাক্সের কাছে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে লাঞ্ছিত করে।
এক পর্যায়ে ইউএনওর হস্তক্ষেপে তিনি দরপত্র দাখিল করেন।
পরে হামিদুর রহমান উপস্থিত সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, “দুর্বৃত্তরা সরকারি দলের ক্যাডার। তারা সব হাট-বাজার তাদের নিয়ন্ত্রণে নিতে চায়। এ কারণে আমাদের দরপত্র দাখিল করতে বাধা দিয়েছে। আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী, অথচ আমাকে যা করেছে তা বলার মতো না।”
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সোমবার বিকাল ৩টায় বাক্স খোলা হলে মাত্র ৪২টি দরপত্র জমা পাওয়া যায়। এর মদ্যে ৪১টি উপজেলা পরিষদের বাক্সে, বাকি একটি জেলা প্রশাসকের কার্যালয়ের বাক্সে।
সদরের ইউএনও মোহাম্মদ নায়িরুজ্জামান বিক্রির তুলনায় দরপত্র কম জমা পড়ার বিষয়টি স্বীকার করে বলেন, দরপত্র কমিটি সভা করে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।
দরপত্র জমা দিতে বাধা দেওয়া প্রসঙ্গে বলেন, কেউ কেউ বাধা দেওয়ার অভিযোগ আমার কাছে মৌখিকভাবে করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে আমি তাদের দরপত্র জমা দেওয়ার ব্যবস্থাও করেছি।
“নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। যারা জমা দিতে পারেননি তারা পুলিশের সহযোগিতা নিতে পারতেন,” বলেন তিনি।
ঘটনাস্থলে দায়িত্বরত নাটোর সদর থানার উপ পরিদর্শক (এসআই) ইসলাম হোসেন বলেন, “দরপত্র জমা দিতে বাধা দেওয়ার কোনো অভিযোগ কেউ আমাদের কাছে করেননি। এখানে শত শত মানুষ। কে দরপত্র জমা দিতে এসেছেন আর কে জমা দিতে বাধা দিচ্ছেন তা বুঝে ওঠা মুশকিল।”
