নরসিংদীর জবা টেক্সটাইলে দুদফা অগ্নিকাণ্ড
নরসিংদী শহরের জবা টেক্সটাইল মিলে রোববার রাতে এবং সোমবার সকালে দুদফা অগ্নিকাণ্ড হয়েছে।
ব্রাহ্মণদী এলাকায় সুতা উৎপাদনকারী এই মিলে আগুনে ৫০ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে মিল কর্তৃপক্ষ দাবি করছে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) মিজানুর রহমান জানান, রোববার রাত ৮টায় মিলের তুলার গুদামে প্রথম আগুন লাগে।
নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিএডি মিজানুর রহমান আরো জানান, সোমবার সকালে আবার আগুন লাগার খবর পেয়ে নরসিংদী, মাধবদী ও শিবপুর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট যায় সেখানে।
প্রায় সাত ঘণ্টা চেষ্টার পর মিলের মেশিন সেটের আগুন নিয়ন্ত্রণে আসে। পানির অভাবে আগুন নেভাতে দেরি হয় বলে জানান তিনি।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানাতে পারেননি এই কর্মকর্তা।
মিলের পরিচালক মহসিন আলী জানান, আগুনে ১২ কোটি টাকা মূল্যের ৫টি মেশিন, আনুষঙ্গিক যন্ত্রপাতি, মিলে উৎপাদিত ২৫০ টন সুতা, এক হাজার টন তুলা পুড়ে গেছে। এতে ৫০ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।
