২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবুলের বিরুদ্ধে মানহানি মামলা আকবর সোবহানের

দৈনিক যুগান্তরে ‘মিথ্যা’ প্রতিবেদন প্রকাশের অভিযোগে ১১শ’ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট প্রোপার্টি গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 05:21 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

আদালত অভিযোগ শুনে আগামী ৩০ মার্চ সাত বিবাদীকে আদালতে লিখিত জবাব দাখিল করতে বলেছে।

ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ফজলে ইলাহী ভুঁইয়া সোমবার এই আদেশ দেন।

বিবাদীরা হলেন- যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, তার স্ত্রী সালমা ইসলাম, শামিম ইসলাম, দৈনিক যুগান্তরের নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম, যুগান্তর পত্রিকা, যমুনা প্রিন্টিং ও যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ।

আকবর সোবহানের আর্জিতে বলা হয়, বিবাদিরা নিজেদের ব্যবসায়িক স্বার্থ হাসিলের জন্য তাদের মালিকানাধীন দৈনিক যুগান্তর পত্রিকার মাধ্যমে মিথ্যা ও মানহানিকর প্রতিবেদন প্রকাশ করে আসছে।

গত বছর ২৮ অক্টোবর যুগান্তরের প্রথম পৃষ্ঠায় ‘বসুন্ধরা হাতিয়ে নিয়েছে ৫০ হাজার কোটি টাকার সম্পত্তি: মন্ত্রী, সচিবের বিরুদ্ধে তিন হাজার কোটি টাকার ঘুষ গ্রহণের অভিযোগ: দ্রুত তদন্ত দাবি করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা’ শিরোনামে একটি ‘মিথ্যা’ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে অভিযোগ করে আর্জিতে বলা হয়, এতে দেশের মানুষ ও সুশীল সমাজের কাছে আকবর সোবহানকে হেয় করা হয়েছে।

একই উদ্দেশ্যে পরদিন ২৯ অক্টোবর ‘ড্যাপ, উপকমিটির জালিয়াতির ঘটনায় তোলপাড় ও বিস্ময়’ শিরোনামে আরেকটি মিথ্যা সংবাদ প্রচার করে বলে আর্জিতে উল্লেখ করা হয়।

এতে বাদির মানহানি ঘটেছে দাবি করে ১১শ’ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে মামলায়।