২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা নেই, তবু পুলিশ বলছে ‘সন্ত্রাসী’

রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত জুয়েলকে শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিনের প্রধান সহযোগী হিসেবে পুলিশ দাবি করলেও তার নামে পাওয়া যায়নি কোনো মামলার হদিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 10:27 AM

Updated : 01 Sep 2026, 12:26 PM

স্বজনরাও বলছেন, তাকে ‘সন্ত্রাসী বানিয়ে হত্যা’ করা হয়েছে।

তাদের দাবি, সালাউদ্দিন ছোট বেলায় দক্ষিণ যাত্রাবাড়ি জুয়েলদের পাশের বাড়িতে থাকতেন। সেই থেকে তার সঙ্গে পরিচয়, এর বেশি কিছু নয়। শনিবার বিকালে আটকের কিছুক্ষণের মধ্যে সুতিখালপাড় বালুর মাঠ এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন সালাউদ্দিন (২৯) ও জুয়েল (২৮), তাদের মধ্যে জুয়েলের নামে কোন মামলার খোঁজ দিতে পারেনি  পুলিশ।

যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) এমরানুল ইসলাম বলেন, “এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছে।”

“বিকালে যাত্রাবাড়ির কাজলা নয়ানগর এলাকা থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করার পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারে বের হয় পুলিশ। সুতিখালপাড় বালুর মাঠে পৌঁছানোর পর সন্ত্রাসীরা পুলিশের দিকে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।”

গোলাগুলির মধ্যে সালাউদ্দিন ও জুয়েল ঘটনাস্থলেই নিহত হন বলে জানান তিনি।

রোববার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে জুয়েলের খালাতো ভাই পরিচয়ে পলাশ নামে এক যুবক বলেন, শনিবার বিকালে স্ত্রী শিরিন আক্তার রুমি ও ছোট সন্তান নির্জনকে নিয়ে মিরপুর বেড়াতে যাওয়ার কথা ছিল জুয়েলের।

শনির আখড়া বাঁশপট্টির বাসা থেকে পাশের মহল্লা কাজলা নয়ানগর আসামাত্র পূর্ব পরিচিত সালাউদ্দিনের সঙ্গে দেখা হয়।

পলাশের দাবি, সালাউদ্দিন ছোট বেলায় দক্ষিণ যাত্রাবাড়িতে জুয়েলদের পাশের বাড়িতে থাকতো। সেই থেকে তার সঙ্গে পরিচয়। তবে সালাউদ্দিনের কোন কর্মকাণ্ডে সে জড়িত ছিল না।

তিনি বলেন, জুয়েল কাপ্তানবাজার এলাকায় পরিশোধিত পানি সরবরাহের ব্যবসা করতেন। নিজ বাড়ি উত্তর যাত্রাবাড়ি হলেও বাঁশপট্টিতে ভাড়া থাকতেন।

গ্রেপ্তারের পর জুয়েলের সঙ্গে কথা হয়েছিল জানিয়ে পলাশ বলেন, “আমি ভেবেছিলাম তাদের দুজনকে থানায় নিয়ে যাবে। তখন জুয়েলকে ছাড়িয়ে নেব। কিন্তু তাদের দুজনকে গ্রেপ্তারের দশ মিনিট পরই জানতে পারি তারা দুজন বন্দুকযুদ্ধে মারা গেছেন।”

“এটা অন্যায়। একের পাপে আরেকজন মরলো। জুয়েলের স্ত্রী ও সন্তানের কি হবে,” প্রশ্ন রাখেন পলাশ। এর আগে রোববার জুয়েলের বিষয়ে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা এমরান বলেন, “আমরা তদন্ত করে জানতে পেরেছি এই জুয়েলই সালাউদ্দিনের প্রধান সহযোগী।

সালাউদ্দিনের নামে চারটি হত্যাসহ যাত্রাবাড়ি থানায় আটটি মামলা রয়েছে।”

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি রিভলবার এবং তিনটি গুলি উদ্ধার করা হয়েছে। সালাউদ্দিনের বিরুদ্ধে পুলিশ সোর্স অমিত, রাব্বী, আলমগীরসহ অন্তত চারটি হত্যায় জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে জুয়েলের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।"

শনির আখড়ার বাসিন্দা মো. ফারুক বলেন, “সালাউদ্দিনের নাম আমরা শুনেছি। জুয়েলের নাম তেমন শুনিনি। সালাউদ্দিন পুলিশের মতো রাস্তায় ব্যারিকেড দিয়ে ছিনতাই করতো। প্রথম দেখলে মনে হবে, রাস্তায় পুলিশ তল্লাশি চালাচ্ছে।”

এদিকে শনিবারের ঘটনায় এসআই  গোলাম আজম ভূঁইয়া বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় ‍দুটি মামলা করেছেন।