প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্লগার রাজীবের প্রতি শ্রদ্ধাঞ্জলি
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার আহমেদ রাজীব হায়দারের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে মঞ্চসহ বিভিন্ন ছাত্র সংগঠন।
শনিবার সকাল ১১টায় শাহবাগের প্রজন্ম চত্বরে রাজীবসহ গণজাগরণের আন্দোলনের শহীদদের স্মরণে স্থাপিত অস্থায়ী বেদীতে পুস্পস্তবক অর্পণ শেষে একমিনিট নিরবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেন, ব্লগার রাজীব হায়দার ও অগ্রণী ব্যাংকের লিফটম্যান জাফর মুন্সিসহ সব শহীদের আত্মদান প্রমাণ করে মঞ্চের আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা আছে।
তিনি বলেন, “আমাদের আন্দোলন বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য হলেও আমাদেরকেই বিচারহীনতার মুখোমুখি হতে হচ্ছে। কারণ, শুধু রাজীব হায়দার হত্যাকাণ্ড ছাড়া অন্য কোনো হত্যাকাণ্ডের ন্যূনতম তদন্তও করা হয়নি।”
হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে ইমরান বলেন, “গণজাগরণ মঞ্চের আন্দোলনের শহীদেরা যুদ্ধাপরাধীদের বিপক্ষে অবস্থান নিয়েছিল, রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়েছিল।
“তাই রাষ্ট্রের উচিত হবে শহীদদের পক্ষে অবস্থান নিয়ে সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করা।”
এছাড়া বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা ও মঞ্চর অন্যতম সংগঠক লাকি আক্তার, বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) সভাপতি সামছুল ইসলাম সুমন, বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতা ফয়সাল ফারুক অভীক এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি জনার্দ্দন দত্ত নান্টুও শ্রদ্ধা নিবেদন করেন।
মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, “সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ বেদী সারাদিনই উন্মুক্ত থাকবে।”
গত বছরের ৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়। সেদিন সন্ধ্যা থেকেই তার সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে শুরু হয় বিক্ষোভ, যা পরবর্তীতে গণজাগরণ মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করে। আন্দোলন শুরুর দশ দিনের মাথায় ১৫ ফেব্রুয়ারি ব্লগার রাজীবকে মিরপুরে তারা বাসার কাছাকাছি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
