২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্র এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 01:19 AM

Updated : 01 Sep 2026, 12:25 PM

নিহত সিরাজ শিকদার (৫০) একটি দস্যু বাহিনীর প্রধান বলে জানিয়েছে পুলিশ।

খুলনা জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) ওসি আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বিকেল ৪টার দিকে সিরাজকে নিয়ে করমজল এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযানে গেলে তার লোকজন পুলিশের ওপর হামলা চালায়।

এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সিরাজ নিহত হন। দুই পুলিশ সদস্যও আহত হন।

ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড গুলি, চারটি দা ও একটি কুড়াল উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা রশীদ।

এ ঘটনায় দাকোপ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

পাইকগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল বলেন, একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার কয়েকজন জিজ্ঞাসাবাদে বাহিনী প্রধান সিরাজ শিকদারের কথা বলেন। বৃহস্পতিবার রাতে বাগেরহাটের রামপালে এক আত্মীয়ের বাড়ি থেকে সিরাজকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ডাকাতি হওয়া দুটি সোনার চেইন ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী খুলনা ও বাগেরহাটের বিভিন্ন স্থান থেকে আরো আট ভরি সোনার গহনা উদ্ধার হয়।

এসআই জালাল বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে সিরাজ দাকোপ থানার করমজল এলাকায় তাদের আরো আস্ত্র থাকার কথা জানায়।

এসবির ওসি আব্দুর রশীদ জানান, শুক্রবার দুপুরে পাইকগাছা থানার ওসি এম মশিউর রহমান এবং দাকোপ থানার ওসি শিকদার আক্কাস আলীর নেতৃত্বে পুলিশের একটি দল সিরাজকে নিয়ে সুন্দরবনের করমজল এলাকায় অস্ত্র উদ্ধারে যায়।

“করমজল পর্যটন কেন্দ্র থেকে অন্তত দুই কিলোমিটার বনের ভেতরে গেলে সিরাজের অনুসারীরা পুলিশের ওপর হামলা চালায়। দস্যুরা পুলিশকে লক্ষ্য করে অন্তত ৫০ থেকে ৬০ রাউন্ড গুলি ছোড়ে,” বলেন তিনি।