অন্যরকম এক ভালোবাসায় সিক্ত ছিলেন চট্টগ্রামের হরিজনরা
ভালোবাসা দিবসে চট্টগ্রামের পাথরঘাটার হরিজন সম্প্রদায়ের বাসস্থান সেবক কলোনি সেজেছিলো এক ভিন্ন সাজে ।
শিশুদের হাতে লাল গোলাপ আর সর্দারের হাতে বেলুন। ঘর থেকে ঘোমটার আড়ালে উঁকি দিয়ে দেখছেন মায়েরা। ভালোবাসার সার্বজনীন বাণী নিয়ে সেবক কলোনি ছোট প্রাঙ্গন মেতে ছিলো আনন্দ আয়োজনে।
শুক্রবার সকালে ‘ভালোবাসা দিবসে ঈশ্বর পুত্রদের সাথে ভালোবাসা ভাগাভাগি’ শিরোনামে নগরীর পাথরঘাটা বান্ডেল রোড সেবক কলোনিতে ওই অনুষ্ঠানের আয়োজন করে ফেসবুক ভিত্তিক সংগঠন ‘স্রোত’।
মায়াদিন আর গগুলা সর্দারের হাতে থাকা বেলুন উড়িয়ে যখন অনুষ্ঠান শুরু হল তখন সেবক কলোনির তিনটি ভবন আর একতলা সেমিপাকা ঘরের সব জানালায় মানুষের মুখ।
এই আয়োজন প্রসঙ্গে স্রোতের সংগঠক শুভাশিষ চৌধুরী বলেন, ভালোবাসা দিবসে ভালোবাসায় রঙ্গিন হবে পুরো বিশ্ব। ভালোবাসা হতে হবে সর্বজনীন।
“যাদের শ্রমে ঘামে আমরা ভালো থাকি সমাজে তাদের পরিচয় মেথর, হরিজন বা ঈশ্বরপুত্র নামে। কিন্তু বিনিময়ে তারা শুধু অবহেলাই পান। তাদের সাথে ভালোবাসা ভাগাভাগি করতেই এ আয়োজন।”
যাদের জন্য এ আয়োজন তাদের পক্ষ থেকে দু’হাত তুলে নমস্কার জানিয়ে সর্দার মায়াদিন বলেন, “এমন তো কেউ করেনি কখনো। খুব ভাল লাগছে। বাচ্চারা খুব খুশি।”
স্রোতের সংগঠক জুয়েল, শামিমা আর সবুজরা কলোনির বাসিন্দাদের হাতে যখন রাখি পড়িয়ে দিচ্ছেন ততক্ষণে শিশুরা ব্যস্ত হয়ে পড়েছে বেলুন নিয়ে।
হঠাৎ পাওয়া এমন উপহারের ব্যতিক্রমী ব্যবহারের উপায়ও বের করেছে শিশু তূর্য, রুবেল, প্রিয়াংকারা।
ঘর থেকে সুতোর বান্ডিল নিয়ে এসে তাতে বেলুনের প্রান্ত বেঁধে ওড়াতে শুরু করেছে বেলুন। লাল,নীল, হলুদ, সবুজ, সাদা বেলুনগুলো সেবক কলোনি ছোট প্রাঙ্গনের সীমাবদ্ধ আকাশে যেন ক্ষণিকের জন্য স্বপ্নের রং ছড়িয়েছিলো।
দুপুর ১২টায় সেবক কলোনির শিশু বিকাশ কেন্দ্রে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পী সাজ্জাদ তপুর বাঁশিতে জাতীয় সঙ্গীতের সুর। তারপর গান, নাচ আর ফাঁকে ফাঁকে চলচল অনুভূতির বিনিময়।
হরিজন পাড়ার প্রবীণ বাসিন্দা ষাটোর্ধ্ব ভুজঙ্গি সরকারও যেন জেগে উঠেছিলেন ভালোবাসার ছোঁয়ায়। কখনো মাইকের সামনে না দাঁড়ানো মানুষটি ভালবাসা জানালেন শুধু দুটি বাক্যে। বললেন, অন্তর থেকে তোমাদের অভিনন্দন। শুভ ভালোবাসা দিবস।
শুক্রবার সেবক কলোনি বাসিন্দাদের অন্য ব্যস্ততাও ছিল। সাতটি বিয়ের নানা আয়োজন কলোনি জুড়ে।
ভালোবাসা ভাগাভাগির এই ব্যতিক্রমী আয়োজন থেকে বাদ যাননি নবুবধূরাও। তাই নববধূ আর তাদের সঙ্গীদের হাতে মেহেদী পড়ালেন স্রোতের বন্ধুরা।
