‘মুক্তিযুদ্ধে ১৪ হাজার ভারতীয় প্রাণ দিয়েছেন’
বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বে ফাটল ধরিয়ে যারা ফায়দা লুটতে এবং সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে চায় তাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
এদের বিরুদ্ধে নতুন প্রজন্মকে সোচ্ছার হওয়ারও আহ্বান জানান তিনি।
শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে এক বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের বন্ধুত্ব ও আত্মার সম্পর্ক। এ বন্ধুত্ব কোনো দল বা গোষ্ঠীর সঙ্গে নয়।
আমু বলেন, মুক্তিযুদ্ধে ভারতের ১৪ হাজার মানুষ প্রাণ দিয়েছেন। বাংলাদেশের এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল ভারত।
নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখন শেখ হাসিনার অধীনে বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে। কিন্ত দশম জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে আন্দোলনের নামে গণহত্যা চালিয়েছিল তারা।
“এজন্য তাদেরকে জনগণের কাছে জবাবদিহি করে ভোট চাইতে হবে,” বলেন আমু।
উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২৯ জনকে ১০ হাজার টাকা করে এবং স্নাতক পর্যায়ের ৩৫ জনকে ২৪ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি বরিশাল বিভাগের ৬৪ জন মুক্তিযুদ্ধার সন্তানকে এ বৃত্তি দেয়।
বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির বরিশাল বিভাগীয় সভাপতি দেবদাস সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য শেখ টিপু সুলতান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন ঢাকায় ভারতীয় দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার পি সি থিমাইয়া।
