টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে তদন্ত দলের সদস্যরা
টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে কিশোরদের নিজ দেহ ক্ষতবিক্ষত করার ঘটনায় শুক্রবার সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক, গাজীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার কেন্দ্রটি পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার ঘটনাটি পত্রিকায় প্রকাশিত হলে হাই কোর্ট স্বপ্রণোদিত হয়ে তা তদন্ত করার আদেশ দেয়, যার সদস্য করতে বলা হয় সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে।
এদিকে বৃহস্পতিবার কেন্দ্রের ভারপ্রাপ্ত তত্ববধায়ক এসএম আনোয়ারুল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দুপুরে পরিদর্শনকালে গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) মো. নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, শিশুরা কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তার বিরুদ্ধে মারধরসহ নানা অভিযোগ দিয়েছে। এত বড় ধরনের ঘটনা কেন ঘটল এ বিষটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট ও মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তের পর আসল তথ্য বেরিয়ে আসবে।
বিষয়টি নিয়ে তিনি গাজীপুরের পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন। অল্প সময়ের মধ্যে তদন্ত কাজ শুরু করবেন বলে জানান।
কেন্দ্রের তত্ত্বাবধায়ক এস এম আনোয়ারুল করিমসহ কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও নির্যাতনের বিষয়ে জেলা প্রশাসক বলেন, বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। এই মহূর্তে কিছু বলা যাবে না।
“তবে এঘটনায় তত্ত্বাবধায়ক এস এম আনোয়ারুল করিমকে বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। আহত কিশোরদের চিকিৎসার খোঁজ খবর নিতেই আমরা এসেছিলাম,” বলেন তিনি।
জেলা প্রশাসকের পর পৃথকভাবে কেন্দ্রে যান সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো.আইয়ুব হোসেন এবং গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন।
এদিকে গণমাধ্যমে খবর পেয়ে শুক্রবার সকাল থেকেই কিশোরদের স্বজনরা ভিড় জমাতে শুরু করেন কিশোর উন্নয়ন কেন্দ্রের মূল ফটকে। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। কেউ কেউ সন্তানদের দেখার সুযোগ পেলেও অনেকে পাননি।
আহত কিশোর সাহাবুদ্দীনের মা কোহিনুর বেগম সাংবাদিকদের বলেন, “আমার ছেলের হাতে ২৪টি সেলাই ও মাথায় ২০টি সেলাই দেওয়া হয়েছে। পোলারে জিগাইলাম এমুন কেমনে ওইলো। পোলায় কয়- ওনাগো এত অত্যাচার আর সহ্য অয়না। তাই নিজেরাই নিজেদের শরীল কাটছি।”
‘২০ কিশোরের ভয়ংকর প্রতিবাদ’ শিরোনামে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হলে হাই কোর্ট স্বপ্রণোদিত হয়ে বিষয়টি তদন্ত করার আদেশ দেয়।
পত্রিকার ওই প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে সংশোধনাগারের ২০ কিশোর নিজেদের দেহ ধারালো ‘ব্লেডজাতীয় অস্ত্র’ দিয়ে ক্ষতবিক্ষত করেছে। হাসপাতালে তারা চিকিৎসক ও সেবিকাদের বলেছে, ঠিকমতো খাবার না দেয়ায় এবং নির্যাতন করার প্রতিবাদ হিসেবে তারা এ কাজ করেছে।
“তবে কেন্দ্র কর্তৃপক্ষ বলছে, এক কিশোরের কফ সিরাপ খাওয়া নিয়ে ঘটনার সূত্রপাত। জানালার বা টিউবলাইটের ভাঙা কাচ দিয়ে তারা শরীর ক্ষতবিক্ষত করেছে।”
ফৌজদারী অপরাধে অভিযুক্ত হয়েও ১৮ বছরের কম বয়সের কারণে দেশের বিভিন্ন এলাকার প্রায় তিন শতাধিক কিশোরকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে রাখা হয়। এই প্রতিষ্ঠানটি চালু করা হয় ১৯৮৭ সালে।
