২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতাকর্মীর সন্ধান দাবিতে সিংড়ায় হরতাল

‘নিখোঁজ’ পাঁচ নেতাকর্মীর সন্ধান দাবিতে শনিবার নাটোরের সিংড়া উপজেলায় আট ঘণ্টা হরতাল ডেকেছে বিএনপি।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 07:17 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক শুক্রবার বিকালে জানান, শনিবার সকাল ৬টা থেকে দুপুর ২টার পর্যন্ত হরতাল পালন করা হবে সিংড়ায়।

তিনি সাংবাদিকদের জানান, গত ১৮ জানুয়ারি সিংড়ার কলম ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফজলার রহমান ফুনু উপজেলার পার সাঐল এলাকায় দুর্বৃত্তদের হাতে নিহত হন।

এ ঘটনায় নিহতের ভাই মইনুল হক চুনু বাদী হয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কলম ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিল ফটিকসহ ১২ জনের নামে মামলা করেন।

গত সোমবার (১০ ফেব্রুয়ারি) সিংড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল হাইকোর্ট থেকে জামিন নিয়ে নেতাকর্মীদের সঙ্গে আদালত থেকে বের হওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাদা পোশাকের কিছু লোক তাদের নিয়ে যায়। পরে কয়েকজনকে ছেড়ে দিলেও তিন জনকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এর আগে আরো দুই নেতাকর্মীকে ঢাকা ও মানিকগঞ্জ থেকে আটক করার পর তাদের কোনো খোঁজ মেলেনি।

জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদারের দাবি, ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ফুনু হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত সন্ত্রাসীদের আড়াল করতেই উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিকভাবে বিএনপি নেতাকর্মীদের নামে মিথা মামলা দিয়ে তাদের গুম করা হচ্ছে।

অবিলম্বে বিএনপি নেতা ইব্রাহিম খলিল ফটিক ও ইউনিয়র যুবদল সভাপতি রিপনসহ নিখোঁজ পাঁচ নেতাকর্মীর সন্ধানের দাবি জানান তিনি।