২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীনগরে চেয়ারম্যান পদপ্রার্থী হামলায় আহত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা নির্বাচনে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও তার ভাই আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 06:44 PM

Updated : 22 Aug 2022, 05:43 PM

শুক্রবার দুপুরে তিন দোকান এলাকায় এ হামলায় আহত হন চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন (৪৫) ও তার ছোটভাই আব্দুল বাতেন(৩৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের কেউটখালীতে তার সমর্থকরা বিক্ষোভ ও গাড়ি ভাংচুর করেছে। এতে প্রায় ২০ মিনিট যান চলাচল বিঘ্নিত হয়।

শ্রীনগর থানার ওসি শেখ মাহবুর রহমান জানান, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জাকির হোসেন প্রচারণা চালাতে গেলে আওয়ামী লীগ প্রার্থী সেলিম আহমেদ ভূঁইয়ার লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়।

এ সময় তাদের ব্যবহৃত গাড়িটি ভাংচুরও করে হামলাকারীরা।

খবর পেয়ে জাকির হোসেনের সমর্থকরা ঢাকা-মাওয়া মহাসড়কের ষোলঘর ইউপির কেউটখালীতে অবরোধ দিয়ে ৬টি গাড়ি ভাংচুর করে। এতে বেলা সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।

এ সময় পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে লাঠিপেটা করে পুলিশ তাদের সরিয়ে দেয়।