২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

গোপালগঞ্জ সদরে ক্ষেতে গমের চারা নষ্ট করা নিয়ে দুদলের সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 05:08 PM

Updated : 25 Apr 2022, 03:49 PM

শুক্রবার হরিদাসপুর গ্রামে এ সংঘর্ষে গুরুতর আহত পাঁচ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনায় ১১ জনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা সংঘর্ষের কথা স্বীকার করে বলেন, সকালে গ্রামের বনি মোল্লার ছেলে সাজিত মোল্লা খেলার ছলে প্রতিবেশী আইয়ুব আলী শেখের ক্ষেতের কয়েকটি গমের চারা তুলে ফেলে।

এ খবর শুনে আইয়ুব আলী সাজিতকে বকাঝকা করলে বনি মোল্লা ও আইয়ুব মোল্লার মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়।

এর জেরে বেলা ১১টার দিকে দুপক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংর্ঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষের খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানার এসআই মো. কামরুল হোসেন তালুকদার ও এসআই মনজের আহম্মেদসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে  সংঘর্ষ  থামানোর চেষ্টা করে।

কিন্তু সংঘর্ষকারীরা পুলিশের উপর হামলা চালিয়ে এসআই কামরুল হোসেন ও মনজের আহম্মদকে রক্তাক্ত জখম করে। এ সময় উভয় গ্রুপের মহিলাসহ অন্তত ১৩ জন আহত হয়।

পরে গোপালগঞ্জ সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ ঘটনায় পুলিশ ১১ জনকে আটক করেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে বলে জানান পরিদর্শক সেলিম রেজা।