২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জমির জন্য হিন্দু বাড়িতে হামলা’, যুবদল নেতা আটক

জোর করে জমি লিখে নিতে ব্যর্থ হয়ে হিন্দু বাড়িতে ঢুকে মারধরের অভিযোগে গোপালগঞ্জ জেলা যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 04:32 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার দক্ষিণ ঘোষঘাতী গ্রাম থেকে আটক এমএম শাহরিয়ার আহম্মেদ তুয়ার (৩৮) জেলা যুবদলের সহসভাপতি বলে জানিয়েছে পুলিশ।

তুষার এ উপজেলার বোড়াশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এম এম মনির আহম্মেদ ননীর ভাই।

দক্ষিণ ঘোষগাতী গ্রামের গৌর বিশ্বাস জানান, তার ভাই অসিত বিশ্বাসের কাছ থেকে জোর করে গোপালগঞ্জ শহরের মান্দারতলা এলাকার ৬ শতাংশ জমি তুষার লিখে নিয়েছে।

ওই জমির পাশে আরো ৬ শতাংশ জমি লিখে দিতে কিছুদিন ধরেই তুষার চাপ দিয়ে আসছিল।

“আমরা রাজি না হওয়ায় তুষার বৃহস্পতিবার বাড়িতে এসে আমার ভাতিজা অশোককে মারধর করেন। পরে পুলিশ এসে তুষারকে ধরে নিয়ে যায়।”

গৌর বিশ্বাস বলেন, “৪/৫ দিন আগে আমার ভাই অসিত ও ১৫ দিন আগে আরেক ভাই অখিল বিশ্বাসকেও তুষার মারধর করেন।”

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, “হিন্দু বাড়িতে ঢুকে মারপিটের অভিযোগে তুষারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হিন্দু নির্যাতনের অভিযোগও রয়েছে।

দেড় মাস আগে রাস্তা তৈরি করা নিয়ে বিরোধে আটক তুষার বোড়াশী দক্ষিণপাড়া গ্রামের দেবু বিশ্বাসের বাড়িতে হামলা ও ভাংচুর করেন বলে অভিযোগ রয়েছে।