কাশিয়ানীতে মূর্তি ভাংচুর
গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি হিন্দু মন্দিরে ঢুকে মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে কাশিয়ানী উপজেলার রামদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়সংলগ্ন সার্বজনীন শীতলা ও রক্ষাচণ্ডী মন্দিরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
মন্দির কমিটির সভাপতি শ্যামল কুমার ভৌমিক বলেন, “সকালে পূজারীরা মন্দিরে এসে রক্ষাচণ্ডীর মূর্তিটি ভাঙা দেখে পুলিশে খবর দেয়। পরে আমরা পুলিশকে ঘটনাটি জানাই।”
রামদিয়া পুলিশ ফাঁড়ির এসআই সৈয়দ ইমারাত আলী জানান, গভীর রাতে রামদিয়া-ফুকরা সড়কের পাশে ওই মন্দিরে ঢুকে ভাংচুর চালায় দুর্বৃত্তরা।
হামলায় রক্ষাচণ্ডীর মূর্তির পাশে থাকা শীতলা মূর্তিটিও ক্ষতিগ্রস্ত হয়।
কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম বলেন, পুলিশ গুরুত্ব দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল লতিফসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
