সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করায় মনমোহনের সন্তোষ
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করায় বাংলাদেশ সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।
এজন্য অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, “এর ফলে দু’দেশের সরকার ও জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এছাড়া দু’দেশের অভিন্ন আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সম্পর্ক ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে।”
বৃহস্পতিবার ভারত সফররত জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাতের সময় মনমোহ সিং এসব কথা বলেন বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পিকার শিরীন শারমিন চৌধুরী তিস্তা পানি বণ্টন চুক্তি ও বাংলাদেশের স্থল সীমান্ত নিয়ে জটিলতা নিরসনে মনমোহন সিংয়ের সহযোগিতা চেয়েছেন।
এবিষয়ে মনমোহন সিং বলেন, তার সরকার এ ব্যাপারে খুবই আন্তরিক। এজন্য রাজনৈতিক সমঝোতাসহ সর্বাত্মক প্রয়াস নেয়া হচ্ছে।
দ্বিতীয়বার স্পিকার নির্বাচিত হওয়ায় শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, “ভারত ও বাংলাদেশের মধ্যে বিরাজমান দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার। এ সম্পর্ক অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে তা আরো সম্প্রসারিত হবে।”
এসময় ২০১০ সালে নিজের বাংলাদেশ সফর ও ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের কথা উল্লেখ করেন মনমোহন।
তিনি বলেন, “এর ফলে দু’দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে ইতিবাচক গতিশীলতা এসেছে এবং এ সফর দ্বি-পাক্ষিক সম্পর্কোন্নয়নে একটি মাইলফলক।
“বাণিজ্যিক বৈষম্য ক্রমশ কমে আসছে এবং এ বৈষম্যকে আরো কমিয়ে আনতে দু-দেশের সরকারি পর্যায়ে উদ্যোগ নিতে হবে।”
স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, “দু’দেশের সংসদ সদস্যদের মধ্যে ঘন ঘন সফর ও অভিজ্ঞতা বিনিময় সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে পারে। এর ফলে দু’দেশের সরকার ও জনগণের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা আরো বৃদ্ধি পাবে।”
পরে ভারতীয় রাজ্যসভায় বিরোধী দলীয় নেতা বিজেপির অরুণ জেটলির সঙ্গে সাক্ষাত করেন শিরীন শারমিন চৌধুরী।
আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে অরুণ জেটলি বলেন, “প্রাথমিক শিক্ষা ও স্যানিটেশনসহ অনেক ক্ষেত্রে বাংলাদেশ ভারতের চেয়েও এগিয়ে রয়েছে। অগ্রগতির এ ধারা অব্যাহত রাখতে পারলে ভবিষ্যতে বাংলাদেশ আরো এগিয়ে যাবে।”
এসময় ভারতে বাংলাদেশের হাই-কমিশনার তারেক এ করিম উপস্থিত ছিলেন।
শিরীন শারমিন চৌধুরী শুক্রবার সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আওয়ামী লীগের গত মেয়াদের শুরুতে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে এসেছিলেন ভারতীয় পার্লামেন্টের স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। তার ঠিক চার বছর পর ভারতে গেলেন শিরীন শারমিন।
১৫ ফেব্রুয়ারি তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
