রাজধানীতে ২ পুলিশের বিরুদ্ধে ঘুষের মামলা
রাজধানী ভাটারা থানার এক উপ পরিদর্শক ও এক সহকারী উপ পরিদর্শকের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগে মামলা হয়েছে।
‘দৈনিক পুনরুত্থান’ নামে একটি পত্রিকার সম্পাদক পরিচয় দেয়া মো. জাহাঙ্গীর মিয়া উজ্জ্বল নামের এক ব্যক্তি বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন।
মামলায় ভাটারা থানার উপ পরিদর্শক (এসআই) মো. ইসরাইল ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) সজল কান্তি হীরাকে আসামি করা হয়েছে।
শুনানি শেষে মহানগর হাকিম মো. তসরুজ্জামান মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনারের তত্ত্বাবধানে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
বাদির আইনজীবী মাহবুব হাসান রানা বলেন, গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নূরেরচালা বাজারে আনোয়ারা ফার্মেসি থেকে ওষুধ কিনে ফেরার সময় উজ্জ্বলকে ডেকে নেন হীরা। এরপর ২০ হাজার টাকা দাবি করে বলেন, না দিলে মামলা করা হবে।
টাকা না দেয়ায় উজ্জ্বলকে থানায় নিয়ে যাওয়া হয় এবং ‘ক্রসফায়ারের’ হুমকি দিয়ে ৫০ হাজার টাকা দাবি করা হয় বলে জানান বাদির আইনজীবী।
তিনি বলেন, সাংবাদিক পরিচয় দেয়ার পরও পুলিশ উজ্জ্বলের কাছ থেকে ২০ হাজার টাকা ও সাদা কাগজে সই নিয়ে তাকে থানা থেকে বের করে দেয়।
