উপজেলা: দ্বিতীয় দফায় প্রার্থী ১৩৭৬
দ্বিতীয় ধাপের ১১৭ উপজেলায় ভোটে রয়েছে ১ হাজার ৩৭৬ প্রার্থী।
বুধবার ইসি সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক এস এম আসাদুজ্জমান এই তথ্য জানান।
এ কর্মকর্তা জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর চেয়ারম্যান পদে ৫১৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫২১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছে ৩৪০ প্রতিদ্বন্দ্বী।
এসব উপজেলায় আগামী ২৭ ফেব্রুয়ারি ভোট হবে।একক প্রার্থী হওয়ায় ফরিদপুরের সালথা, চাঁদপুরের মতলব উত্তর ও ফেনীর পরশুরামে তিন মহিলা ভাইস চেয়ারম্যান ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
চেয়ারম্যান পদে ২২১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৯ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এর আগে ৭৩৬ জন চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পদে ৬৫৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যানে ৩৮৯ জন মনোনয়ন দাখিল করেন।
চতুর্থ ধাপের তফসিল
ইসি কর্মকর্তারা জানান, চতুর্থ ধাপে ৯২ উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল বৃহস্পতিবার ঘোষণা হতে পারে। এ নির্বাচনের সম্ভাব্য ভোটগ্রহণের দিন ২৫ মার্চের পরিবর্তে ২৪ মার্চ নির্ধারণ করা হতে পারে।
গত ১৯ জানুয়ারি প্রথম ধাপের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ ধাপের ৯৮ উপজেলার ভোট হবে আগামী ১৯ ফেব্রুয়ারি।
দ্বিতীয় ধাপের তফসিল গত ২৩ জানুয়ারি ঘোষণা করে, যাতে ভোটগ্রহণের দিন ঠিক করা হয় ২৭ ফেব্রুয়ারি।তৃতীয় ধাপের তফসিল ৬ ফেব্রুয়ারি ঘোষণা করে, যাতে ভোটগ্রহণ হবে ১৫ মার্চ।
ইসির একজন জ্যেষ্ঠ সহকারী সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চতুর্থ ধাপের নির্বাচনে ভোটগ্রহণের দিন ২৫ মার্চ প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল।
“কিন্তু ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে পুলিশ বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিয়ে ব্যস্ত থাকবে। এ কারণে তাদের পক্ষ থেকে ২৫ মার্চে চতুর্থ ধাপের ভোটগ্রহণে আপত্তি আসে।”
এর পর কমিশনের নির্বাচনী ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা ২৪ মার্চ ভোটের দিন প্রস্তাব করে কমিশনের অনুমতির জন্য নথি উত্থাপন করেছে।
এক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২২ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ২৪ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩ মার্চ নির্ধারণ হয়েছে।
টাঙ্গাইল উপ-নির্বাচন
টাঙ্গাইল-৮ সংসদীয় আসনের উপ-নির্বাচনের তফসিলও ঘোষণা করা হতে পারে বৃহস্পতিবার। এক্ষেত্রে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে ২৩ মার্চ।
গত ২০ জানুয়ারি মারা যান দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগের শওকত মোমেন শাহজাহান। তার মৃত্যুতে এই আসনটি শূন্য হয়।
