২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীরা কুমারের সঙ্গে শিরীন শারমিনের সাক্ষাৎ

বাংলাদেশের সংসদের গঠন পদ্ধতি শক্তিশালী করতে সহযোগিতা দিতে চেয়েছেন ভারতের লোকসভার স্পিকার মীরা কুমার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 10:51 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

বুধবার নয়া দিল্লিতে সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠকে তিনি এই আগ্রহ দেখান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভারত সফরের প্রথম দিনেই মীরা কুমারের সঙ্গে দেখা করেন শিরীন শারমিন। লোকসভার স্পিকারের আমন্ত্রণে চারদিনের এই সফর করছেন তিনি।

মীরা কুমার বাংলাদেশের সংসদের সঙ্গে ভারতের লোকসভার সদস্যদের অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দেন। তিনি মনে করেন, এতে দুই দেশের সম্পর্ক আরো গাঢ় হবে।

মীরা কুমার বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে গুরুত্ব দেয় তার দেশ। ভারত চায় বাংলাদেশে স্থিতিশীলতা বজায় থাকুক, বাংলাদেশ সমৃদ্ধ ও শক্তিশালী হোক।

দুই দেশের অভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথাও শিরীন শারমিনের সঙ্গে আলোচনায় তুলে ধরেন তিনি।

স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ভারতের বিভিন্ন ব্যক্তিকে সম্মাননা দেয়ার প্রশংসা করে মীরা কুমার বলেন, এতে দুই জনগণের পারস্পরিক সম্পর্ক আরো ঘনিষ্ঠ করেছে।

দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে ভারতে গেলেন দেশের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন।

সফরে ভারতের ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করবেন তিনি। এছাড়া তিনি লোকসভার বিরোধী দলীয় নেতা সুষমা স্বরাজ এবং রাজ্যসভার বিরোধীদলীয় নেতা অরুণ জেটলির সঙ্গেও বৈঠকে করবেন।

আওয়ামী লীগের গত মেয়াদের শুরুতে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে এসেছিলেন ভারতীয় পার্লামেন্টের স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। তার ঠিক চার বছর পর ভারতে গেলেন শিরীন শারমিন।

১৫ ফেব্রুয়ারি শিরীন শারমিনের ঢাকা ফেরার কথা রয়েছে।