২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনস্বার্থে মামলা অব্যাহত রাখার আহ্বান প্রধান বিচারপতির

জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মামলা করে আসা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশকে (এইচআরপিবি) এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 10:50 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

বুধবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের ওয়েবসাইটের (www.hrpb.org.bd) উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “এ সংগঠন নিপীড়িত বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠাসহ পরিবেশগত ন্যায়বিচার নিশ্চিত করতে জাগ্রত প্রহরীর ভূমিকায় রয়েছে।

“বিচার বিভাগসহ সর্বস্তরে গতিশীলতা, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে একটি কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠায় এ ধরণের কার্য্যক্রম অব্যাহত রাখতে হবে।”

সব নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচারের নিশ্চয়তা বিধানে এটা প্রয়োজন বলে মনে করেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, তথ্যপ্রযুক্তির অগ্রসরতার সঙ্গে সংগতি রেখে এইচআরপিবি তাদের আইনের শাসন ও মানবাধিকার সংরক্ষণ সংক্রান্ত কার্যক্রম ও সেবার তথ্য সংবলিত ওয়েবসাইট চালু করায় সংগঠনটির কার্যক্রম আরো গতিশীল ও যুগোপযোগী হবে।

ইংরেজির পাশাপাশি ওয়েবসাইটে বাংলা সংস্করণ চালু করলে মানুষ আরো বেশি উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনটির সভাপতি মনজিল মোরসেদ। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বেশ কয়েকজন বিচারপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

ঢাকার চার নদী, শহীদ মিনারের পবিত্রতা রক্ষা, সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক গুরুত্ব সংরক্ষণ, মহাস্থানগড় সংরক্ষণ, সুপ্রিম কোর্টের জমি রক্ষাসহ নানা বিষয়ে জনস্বার্থে মামলা করে এই সংগঠন আলোচনায় আসে।