২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু অপহরণের অভিযোগে ৪ ব্যক্তির যাবজ্জীবন

মুক্তিপণ দাবিতে শিশু অপহরণ করায় চার ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 07:58 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন বলে জানিয়েছেন মামলার বাদিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইদ্রিস।

কারাদণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেন বিচারক।

দণ্ডিতরা হলেন আবদুর রাজ্জাক, মোহাম্মদ নাসির, গিয়াস উদ্দিন ও মো. জাফর। এদের গিয়াস ও জাফর পলাতক।

মামলার অভিযোগের বরাত দিয়ে আইনজীবী ইদ্রিস বলেণ, ২০১১ সালের ২৫ মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কেশবপুরে শাহ জামানের শ্বশুরবাড়ি থেকে তার সাত বছর বয়সী ছেলে সাদমান জামান সামিকে গৃহকর্মী আবদুর রাজ্জাকের সহায়তায় অপহরণ করে আসামিরা।

পরে অপহরণকারীরা শাহ জামানের কাছ থেকে মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা দাবি করে।

এ ঘটনায় ওইদিনই সামির বাবা সীতাকুণ্ড থানায় একটি অপহরণ মামলা করেন।

পরদিন পুলিশ মিরসরাইয়ের দপ্তরী পাহাড় এলাকা থেকে আসামি রাজ্জাককে গ্রেপ্তার এবং সামিকে উদ্ধার করে বলে জানান ইদ্রিস।

২০১১ সালের ১৯ জুলাই চার জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরের বছরের ৪ জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

তিনি বলেন, শিশু সামিকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রায় দেন।