২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারুশিল্প মেলা ও লোকজ উৎসব  শুরু হচ্ছে শুক্রবার

সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে আগামী শুক্রবার থেকে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 05:09 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

বুধবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, এই উৎসবের মধ্য দিয়ে বাংলার লোকজ সাংস্কৃতিক ঐতিহ্য উপস্থাপন, বিলুপ্তপ্রায় লোকজ ঐতিহ্যের উপাদান পুনরুদ্ধার এবং নতুন প্রজন্মকে বিভিন্ন লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার চেষ্টা করা হবে।

“প্রতিভাবান কারু ও লোকসঙ্গীত শিল্পীদের নিজ নিজ ক্ষেত্রে প্রতিভা বিকাশ ও প্রকাশের সুযোগ করে দিতেই এই মেলা ও উৎসব।”

মেলায় ১৮৪টি স্টল থাকছে। এরমধ্যে কারুশিল্প প্রদর্শনীর ২০টি, হস্তশিল্প ৪৯টি, পোশাক ৪০টি, স্টেশনারি ও কসমেটিক্স ৩৬টি, খাবার ও চটপটির ২৫টি, মিষ্টির ১২টি এবং দুটি সংরক্ষিত স্টল রাখা হচ্ছে।

ঝিনাইদহ ও মাগুরার শোলা শিল্প, রাজশাহীর শখের হাড়ি, চট্টগ্রামের নকশি কাঁথা, রংপুরের শতরঞ্জি, সোনারগাঁওয়ের হাতি, ঘোড়া, পুতুল ও কাঠের কারুশিল্প, নকশি হাতপাখা, সিলেটের শীতলপাটি, ধামরাইয়ের তামা-কাসা ও পিতলের কারুশিল্প, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কারুপণ্য, কিশোরগঞ্জের টেরাকোটা, টাঙ্গাইলের বাঁশের কারুশিল্প মেলায় স্থান পাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এছাড়া উৎসবে বাউল, পালা, কবি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি, সারি, হাছন রাজার গান, লালন, মাইজভান্ডারি, মুর্শিদী, গায়ে হলুদের গানেরও আয়োজন করা হবে।

বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান, ছড়া পাঠের আসর, পুঁথিপাঠ, ঘুড়ি ওড়নো, বিভিন্ন ধরনের গ্রামীণ খেলা ছাড়াও আটটি সেমিনার হবে বলে জানান সংস্কৃতিমন্ত্রী।

এছাড়া লোকশিল্পীরা এই উৎসবে সঙ্গীত পরিবেশন করবেন।

সংস্কৃতি সচিব রণজিত কুমার বিশ্বাস, প্রধান কর্মকর্তা আমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।