২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ শিবিরকর্মী নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আহত দুই শিবিরকর্মীর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 02:17 PM

Updated : 25 Apr 2022, 03:49 PM

সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন জানান, বুধবার সকাল ১১টার দিকে উপজেলার কেওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় ‘ছদহা হাই স্কুলের’ কাছে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই শিবির কর্মী মো. রফিক ও জসিম উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বিকাল সাড়ে ৩টার দিকে জসিমের মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া জানান।

ওই ঘটনায় দুই পুলিশ কনস্টেবল ও এক আনসার সদস্যও আহত হয়েছেন বলে জানান ওসি।

আনসার সদস্য মজনু মিয়াকে ভর্তি করা হয়েছে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে। আর কনস্টেবল হুমায়ুন কবীর ও শাহরিয়ার বাবু স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যা ও নাশকতার বেশ কয়েকটি মামলার আসামি রফিক ও জসিমের উপস্থিতির খবর পেয়ে চেয়রাম্যান পাড়ার ‘ছদহা হাই স্কুলের’ কাছে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।   

“পুলিশ পৌঁছানোর পর শিবিরকর্মীরা গুলি ছুড়তে শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এরপর তারা পালিয়ে গেলে গুলিবিদ্ধ দুই শিবিরকর্মীকে আটক করা হয়।”

ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক ও কয়েকটি গুলি উদ্ধার করেছে বলে জানান ওসি।

তিনি বলেন, নিহত জসিমের বাড়ি সাতকানিয়ার ছদহা এলাকায়। তার বিরুদ্ধে চারটি হত্যাসহ ১৭টি মামলা রয়েছে সাতকানিয়া থানায়। আহত রফিকের বিরুদ্ধেও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা রয়েছে।

গত বছর ফেব্রুয়ারিতে যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর থেকে সাতকানিয়ায় বিভিন্ন সময়ে ঘটা সহিংসতা ও নাশকতায় তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলেও জানান ওসি।