সাকার আপিলের সারসংক্ষেপ জমা দেয়ার নির্দেশ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির আদেশ পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের সার সংক্ষেপ জমা দিতে বলেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।
আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে উভয়পক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দিতে হবে।
আদেশের সময় সাকার পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন আদালতে উপস্থিত ছিলেন।
রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যা, সুলতানপুর ও ঊনসত্তরপাড়ায় হিন্দু বসতিতে গণহত্যা এবং হাটহাজারীর এক আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে অপহরণ করে খুনের দায়ে গত ১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় দেয়।
এছাড়া হত্যা, গণহত্যার পরিকল্পনা সহযোগিতা এবং লুটপাট, অগ্নিসংযোগ ও দেশান্তরে বাধ্য করার মতো তিনটি অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে ২০ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। অপহরণ ও নির্যাতনের দুটি ঘটনায় দেয়া হয় পাঁচ বছর করে কারাদণ্ড।
রায়ে বলা হয়, প্রসিকিউশন তার বিরুদ্ধে ২৩টি অভিযোগ এনেছে, তার মধ্যে নয়টি (২ থেকে ৮, ১৭ ও ১৮ নম্বর অভিযোগ) সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
১, ১০, ১১, ১২, ১৪, ১৯, ২০ ও ২৩ নম্বর অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি।
আর প্রসিকিউশন শুনানির সময় কোনো সাক্ষী হাজির করতে না পারায় ৯, ১৩, ১৫, ১৬, ২১ ও ২২ নম্বর অভিযোগের বিষয়ে রায়ে কোনো মূল্যায়ন করা হয়নি।
সকল অভিযোগ থেকে খালাস চেয়ে ওই রায়ের বিরুদ্ধে ২৯ অক্টোবর আপিল করেন সাকা। আপিল দায়েরের পর তার আইনজীবী তুহিন সাংবাদিকদের বলেন, “আমরা সকল অভিযোগ থেকে বেকসুর খালাস চেয়ে আপিল করেছি। আবেদনে আমরা বলেছি, ন্যায় বিচার হলে তিনি বেকসুর খালাস পাবেন।”
সালাউদ্দিন কাদের চৌধুরীর আরেক আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান আলফেসানী জানান, আপিলের সঙ্গে তারা ১ হাজার ৩২৩ পৃষ্ঠার নথি জমা দিয়েছেন।
এই মামলায় রাষ্ট্রপক্ষ আলাদা কোনো আপিল করবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামিপক্ষের আপিলের শুনানিতেই তাদের বিরোধিতা করবে রাষ্ট্রপক্ষ।
হরতালে গাড়ি পোড়ানোর একটি মামলায় ২০১০ সালে বিজয় দিবসের সকালে সালাউদ্দিন কাদেরকে গ্রেপ্তার করা হয়। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় ১৯ ডিসেম্বর।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন ২০১১ সালের ১৪ নভেম্বর সাকা চৌধুরীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিলে ১৮ নভেম্বর তা আমলে নেন বিচারক। এরপর ২০১২ সালের ৪ এপ্রিল ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের ২৩টি ঘটনায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে ট্রাইব্যুনালে এই সাবেক সাংসদের বিচার শুরু হয়।
