সংসদীয় কমিটি গঠন আগামী সপ্তাহে: চিফ হুইপ
আগামী সপ্তাহে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠন করা হবে বলে জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ জানিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় সংসদ ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “সংসদীয় কমিটিগুলোর ফরমেশন মোটামুটি হয়ে গেছে। এখন শেষ মুহূর্তের কাজ চলছে। অর্থাৎ কে বাদ পড়ল, আর কে থাকল, সেগুলো দেখা হচ্ছে।”
“আশা করি, আগামী রবি বা সোমবার এগুলো গঠন করা হবে।”
গত ৫ ফেব্রুয়ারি দশম জাতীয় সংসদের সংসদ কমিটি, কার্য-উপদেষ্টা কমিটি, পিটিশন কমিটি, কার্যপ্রণালী বিধি কমিটি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়।
নবম সংসদের সংসদীয় কমিটির সভাপতিদের কেউ এবার বাদ পড়ছেন কি না, জানতে চাইলে প্রধান হুইপ কোনো মন্তব্য করেননি।
তিনি বলেন, “এটুকু বলতে পারি, নেত্রী (প্রধানমন্ত্রী) সবাইকে অ্যাকোমোডেট করতে চান। যেসব এলাকায় কিছুই দেয়া হয়নি, সেখানে নেত্রী কিছু দিতে পারেন।”
বিগত নবম সংসদের প্রথম অধিবেশনে সংসদীয় কমিটিগুলো গঠিত হয়। সেখানে প্রথমবারের মতো বিরোধী দল থেকে তিনজন সংসদ সদস্যকে তিনটি কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।
এর বাইরে তৎকালীন ক্ষমতাসীন মহাজোটের শরিক দল জাতীয় পার্টি থেকে দুজন এবং ওয়ার্কার্স পার্টি ও জাসদ থেকে একজনকে সংসদীয় কমিটির সভাপতি করা হয়।
গত পাঁচ বছরে নবম সংসদের ৫১টি সংসদীয় কমিটি দুই হাজারেরও বেশি বৈঠকে বসে।
গত ২৯ জানুয়ারি যাত্রা শুরু করে দশম জাতীয় সংসদ। দুই যুগেরও বেশি সময় পর এবারই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির কোনো প্রতিনিধিত্ব নেই সংসদে।
