২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে স্কুলছাত্র খুন

ফরিদপুর সদরে এক স্কুলছাত্র ইজিবাইক চালকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 10:54 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

মঙ্গলবার বেলা ১১টায় অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে একটি ক্ষেতে রিংকু শেখের (১৬) লাশ উদ্ধার করা হয়।

রিংকু শহরতলীর রঘুনন্দপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় কোমরপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল।

রিংকুর মা নিলুফার জানান, লেখাপড়ার পাশাপাশি তার ছেলে ইজিবাইক চালাত। সোমবার বিকালে স্কুল থেকে ফিরে ভাত খেয়ে ইজিবাইকে চালাতে বের হয় সে।

বাড়ি ফিরতে দেরি দেখে রাত ৯টার দিকে মোবাইল করা হয় তাকে।

"তখন রিংকু জানায় 'জসিম পল্লী মেলায়' রিজার্ভ ভাড়া নিয়ে গেছে, ফিরতে দেরি হবে। তারপর রাতে আর বাড়ি ফেরেনি সে,” বলেন নিলুফার।

কোতোয়ালি থানার এসআই সাহেব আলী বলেন, ওই অটোটি শহরের গোয়ালচামট হাউজিং এলাকায় পরিত্যক্ত অবস্থায় দেখে স্থানীয় নাইটগার্ড।

১১টার দিকে গোবিন্দপুর গ্রামের স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দেয়। উদ্ধারের পর লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।