২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন: দুই আসন নিয়ে রুল

দুটি সংসদীয় আসনের নির্বাচন নিয়ে রুল জারি করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 09:16 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

লক্ষ্মীপুর-৪ আসনে গত ৫ জানুয়ারির নির্বাচন বাতিল করে পুননির্বাচনের কেন নির্দেশ দেয়া হবে না- একটি রুলে তা জানতে চাওয়া হয়েছে।

তিন সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন ও মো. আব্দুল্লাহসহ সাতজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

অন্য রুলে ময়মনসিংহ-৯ আসনে আনোয়ারুল আবেদীনকে নির্বাচিত ঘোষণা করা এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালামের মনোনয়নপত্র বাতিলের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে আদালত।

নির্বাচন কমিশন ও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ওই এলাকার সাংসদ আনোয়ারুল আবেদীন খানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

তিনটি আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি সৌমেন্দ্র সরকারের একক বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করে।

এর মধ্যে প্রথম আবেদনটি করেন লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনের স্বতন্ত্র প্রার্থী আজাদ উদ্দীন চৌধুরী। আর ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের মেজর জেনারেল (অব.) আব্দুল সালাম অন্য দুটি আবেদন করেন।

সালামের বিরুদ্ধে জনতা ব্যাংক নির্বাচন কমিশনে গিয়েছল। এই এখতিয়ার চ্যালেঞ্জ করে অন্য আবেদনটি দায়ের করা হয়। এটিতেও আদালত রুল দেয়।

আজাদ উদ্দিন চৌধুরীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রব চৌধুরী। আব্দুল সালামের পক্ষে ছিলেন, জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবুর রহমান ও মো. জিয়াউদ্দিন কাসেম। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রুনা নাহরিন।

রামগতি পৌরসভার দুই বারের মেয়র আজাদ উদ্দিন চৌধুরী এবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নেন। তবে অনির্বাচনে অনিয়ম ও কেন্দ্র দখলের অভিযোগে ভোটের দিনেই তিনি নির্বাচন বয়কটের ঘোষণা দেন।

পরে ১১ জানুয়ারি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আজাদ চৌধুরী বলেন, “অনেক আসনেই কিছু কেন্দ্র দখল হওয়ার কারণে ভোট বাতিল হয়েছে। আমার আসনে ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৬টি কেন্দ্র দখল ও ভোট জালিয়াতি হলেও ভোট বাতিল হয়নি। যে ফলাফলে এমপি ঘোষণা করা হয়েছে, সেখানে আমার এজেন্টদের স্বাক্ষর নেই।”

নির্বাচনে অনিয়ম হয়েছে উল্লেখ করেই তিনি হাই কোর্টে আসেন।

অন্যদিকে গত সংসদে আওয়ামী লীগের সাংসদ আব্দুল সালাম এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসাবে লড়তে চেয়েছিলেন। রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়পত্র বাতিল করলে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। সেখানেও তার আবেদন খারিজ হয়ে যায়। এরপর হাই কোর্টে আসেন তিনি।

তার আইনজীবী মো. জিয়াউদ্দিন কাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঋণখেলাপীদের নামের তালিকা থাকে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে। সেখানকার তালিকায় আমাদের মক্কেলের নাম ছিল না। এরপরও জনতা ব্যাংক তাকে ঋণখেলাপী উল্লেখ করে নির্বাচন কমিশনে জানায়। এর ভিত্তিতে তার মনোয়নপত্র বাতিল হয়।”

২০০৮ সালের নির্বাচনের আগেও ময়মনসিংহ জেলা রিটানিং কর্মকর্তা ঋণ খেলাপির অভিযোগে আব্দুস সালামের মনোনয়নপত্র বাতিল করেন। ওই আদেশের বিরুদ্ধে আব্দুস সালাম নির্বাচন কমিশনে (ইসি) আপিল করলে তা খারিজ হয়ে যায়। এরপর তিনি রিট আবেদন করলে হাই কোর্ট রিটার্নিং কর্মকর্তা ও ইসির আদেশ স্থগিত করে তার মনোনয়পত্র গ্রহণের নির্দেশ দেয়।এরপর তিনি ওই নির্বাচনে নৌকা প্রতীকে সাংসদ নির্বাচিত হন।

সংসদ সদস্য হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালনের একেবারে শেষ পর্যায়ে ওই রুলের চূড়ান্ত শুনানি করে ক্ষমতাসীন দলের এই সাংসদের সদস্যপদ অবৈধ ঘোষণা করে হাই কোর্ট। পরে অবশ্য চেম্বার বিচারপতি ওই আদেশ স্থগিত করে দেয়।