চকরিয়ায় এসএসসির উত্তরপত্র ছেঁড়ার তদন্ত শুরু
কক্সবাজারের চকরিয়া উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথমদিন একটি কেন্দ্রে উত্তরপত্র ছেঁড়ার ঘটনার তদন্ত শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে ঘটনাস্থল চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌঁছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন সদস্যের তদন্ত টিমের দস্যরা।
নৈর্ব্যক্তিক পরীক্ষায় সময় কম দেয়ার অভিযোগ তুলে এসএসসি পরীক্ষার প্রথমদিন রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়া সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রের কিছু শিক্ষার্থী ও বহিরাগত ৮৬টি উত্তরপত্র ছিঁড়ে ফেলে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়ার নেতৃত্বে তদন্ত দলের অপর দুই সদস্য হলেন বোর্ডের উপ-সচিব মো. মাহবুব হাসান এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ইলিয়াছ উদ্দিন আহমদ।
সুমন বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১১টা থেকে ঘটনাস্থল চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে তারা তদন্ত কার্যক্রম শুরু করেন।
এ সময় কেন্দ্রের ৪ ও ৬ নম্বর কক্ষের পরীক্ষার্থী, ওইদিনের দায়িত্বপালনকারী পরির্দশক, কেন্দ্রের সচিব ও অভিভাবকদের বক্তব্য নেওয়া হয়েছে।
পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও এ ব্যাপারে কথা বলা হয়েছে বলে জানান সুমন।
