২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলায় আলাদা স্থান চান ‘পোট্রেট’ আঁকিয়েরা

প্রতিবছরের মতো এবারও অমর একুশে গ্রন্থমেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি প্রাঙ্গণে ঢোকার মুখে পেন্সিল আর ক্যানভাস নিয়ে বসেছেন তরুণ চিত্রশিল্পীরা।

আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 07:46 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এসব শিক্ষার্থী মূলত মেলায় আসা দর্শনার্থীদের পোট্রেট আঁকেন। একাডেমির সামনের রাস্তায় চেয়ার-টেবিল পেতেই আঁকার কাজটি সারেন তারা।

কখনো হয়তো কেউ নিজের ছবিটি দেখে ভালো সম্মানি দেন। কারো কাছে টাকা না থাকলে পারিশ্রমিক ছাড়াই ছবি এঁকে দেন শিল্পীরা। যেন রং-তুলিতেই তাদের সব প্রশান্তি। এই কাজে শিল্পীদের মনের খোরাকটাই আসল হলেও আয়-রোজগারও একেবারে খারাপ হয় না।

প্রতিবছর একুশে গ্রন্থমেলা শুরু হলে তাদের কদর বাড়ে। তবে সব সময় অনেকটা ভাসমান দোকানীদের মতই থাকতে হয় শিল্পীদের। বইমেলার এই দীর্ঘপথ চলায়ও তাদের কোনো স্থায়ী ঠিকানা হয়নি। এ নিয়ে তাদের আক্ষেপও রয়েছে।

মঙ্গলবার মেলায় আসা ছয় বছরের শিশু সজলের পোট্রেট আঁকছিলেন বাদল পাণ্ডে।

জানালেন প্রতিবছরই বই মেলায় আসা দর্শকদের পোট্রেট আঁকেন। একুশে বইমেলার মূল আকর্ষণ বই কেনার পাশাপাশি সুযোগ পেয়ে অনেকেই আঁকিয়ে নেন নিজেদের পোট্রেট।

সজলের বাবা হুমায়ূন কবীর তিনি বলেন, “সব সময়ই তো ডিজিটাল মাধ্যমে ছবি তুলে বাঁধাই করা হয়। এখন সুযোগ পেয়ে ছেলের ছবি আঁকিয়ে নিচ্ছি।”

নিজের ছবি আঁকিয়ে নেয়া চাকরিজীবী আব্দুল জব্বার বলেন, “বিষয়টা ভালোই লাগলো, তাই বইমেলায় ঘোরাঘুরি শেষ করে নিজের একটা পোট্রেট আঁকিয়ে নিলাম।”

আঁকিয়েদের সঙ্গে কথা বলে জানা গেলো, দুইদিন ধরে রং-তুলির পসরা নিয়ে বসছেন ১২ থেকে ১৪ জন চিত্রশিল্পী।

তাদেরই একজন মিজানুর রহমান বলেন, “কবি ও সাহিত্যিকদের সঙ্গে শিল্পীদের একটা আন্তরিক সম্পর্ক রয়েছে। বইমেলার শিল্পীদের এ আয়োজন সেই সেতুবন্ধন রচনা করে।”

তবে শিল্পীদের জন্য মেলার মূল আয়োজনে কোনো ব্যবস্থা না থাকায় আক্ষেপ নিয়ে তিনি বলেন, “আপনারা (সাংবাদিকরা) এত কিছু লেখেন, এটা একাডেমিকে বলতে পারেন না, শিল্পীদের জন্য আলাদা ব্যবস্থা করতে।”

মিজানুর রহমান জানান, রঙিন ছবি ৫০০, স্কেচ ৩০০, তুলি ড্রইং ২০০ এবং চারকোলে আঁকতে লাগবে ৫০০ টাকা।

তিনি বলেন, “মূলত আমাদের আঁকার খরচ হিসেবে এ মূল্য নেয়া হয়। আমরা কারো কাছে টাকা চাই না। কারো কাছে টাকা না থাকলে অনেক সময় বিনামূল্যেও এঁকে দেই। তবে ছবি দেখে ভালো লাগলে অনেকে বেশিও দেন।”

অমর একুশে গ্রন্থমেলার শেষ দিন বৃহস্পতিবার বাংলা একাডেমী প্রাঙ্গণে দর্শনার্থীর ভিড়।

অমর একুশে গ্রন্থমেলার শেষ দিন বৃহস্পতিবার বাংলা একাডেমী প্রাঙ্গণে দর্শনার্থীর ভিড়।

অমর একুশে গ্রন্থমেলার শেষ দিন বৃহস্পতিবার বাংলা একাডেমী প্রাঙ্গণে দর্শনার্থীর ভিড়।

একুশে গ্রন্থমেলার একাদশ নতুন বই এসেছে ৯৯টি আর মোড়ক উন্মোচন হয়েছে ১৩টি বইয়ের।

নতুন বইয়ের মধ্যে রয়েছে গল্প ১১, উপন্যাস ১৬, প্রবন্ধ ১০, কবিতা ৩০, গবেষণা ২, ছড়া ১, শিশুতোষ ২, জীবনী ৫, মুক্তিযুদ্ধ বিষয়ক ২, বিজ্ঞান ১, ভ্রমণ ৩, ইতিহাস ২, রাজনীতি ৪, ধর্মীয় ২, সায়েন্স ফিকশন ১ এবং অন্যান্য ৭টি।

বিকেলে মেলার মূলমঞ্চে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় হবীবুল্লাহ বাহার চৌধুরী শীর্ষক আলোচনা।

অনুষ্ঠানে ‘বাংলাদেশের মুসলমান মধ্যবিত্তের ইতিহাস প্রসঙ্গে হবীবুল্লাহ বাহারের সাক্ষ্য’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সলিমুল্লাহ খান।

এছাড়া ‘আমার বাবা হবীবুল্লাহ বাহার’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন তার যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে ইকবাল বাহার চৌধুরী।

আলোচনায় অংশ নেন মোহাম্মদ আবদুল কাইউম, কাজী মদিনা এবং খুশী কবির।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় সাংস্কৃতিক সংগঠন ‘স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র’। এছাড়াও আবৃত্তি পরিবেশন  কাজী আরিফ এবং ডালিয়া আহমেদ।