সংকীর্তনে বাধা, এসআই প্রত্যাহার
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ‘হরিনাম সংকীর্তন’ বন্ধের নির্দেশ দানকারী পুলিশের এসআই বোরহান উদ্দীনকে প্রত্যাহার করা হয়েছে।
নেত্রকোণা পুলিশ সুপার জাকির হোসেন খান জানান, সোমবার রাতে মোহনগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে এসআই বোরহানকে কেন্দুয়া থানায় নেয়া হয়েছে।
মোহনগঞ্জ পৌর শহরের নরসিংহ জিউর আখড়ায় শনিবার হরিনাম সংকীর্তন বন্ধের নির্দেশ দেন এসআই বোরহান।
ঘটনাটি পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি আমলে নিয়ে হাই কোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে সংকীর্তন নির্বিঘ্ন করার জন্য স্থানীয় প্রশাসনকে আদেশ দেয়।
একইসঙ্গে উৎসব বন্ধের নির্দেশ দেয়ায় বোরহান উদ্দিনকে ২৪ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে বলা হয়।
উৎসব বন্ধের নির্দেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছে হাই কোর্ট।
‘মোহনগঞ্জে দারোগার নির্দেশে হারিনাম সংকীর্তন উৎসব বন্ধ’ শিরোনামে দৈনিক আমাদের সময়ের সোমবারের একটি প্রতিবেদন আইনজীবী কুমার দেবুল দে আদালতের নজরে আনলে এই আদেশ আসে।
শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশগ্রহণ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।
ওই প্রতিবেদনে বলা হয়, মোহনগঞ্জ পৌর শহরের আখড়া রোডে অবস্থিত শ্রীশ্রী জগন্নাথ জিওর আখড়ায় ৭ দিনব্যাপী হরিনাম সংকীর্তন উৎসবের চতুর্থ দিন ছিল শনিবার। রাতে উৎসবস্থলে এসে মোহনগঞ্জ থানার দারোগা বোরহান উদ্দিন তা বন্ধ করার নির্দেশ দেন।
