২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় যেতে ট্রলারে উঠে আটক ২ শতাধিক

ট্রলারে সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় রওনা হওয়ার আগে সেন্ট মার্টিনের কাছে আটক হয়েছেন ২২১ জন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 05:18 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

মঙ্গলবার ভোরে সাগরে দুটি ট্রলার থেকে তাদের আটক করা হয় বলে উপকূল রক্ষী বাহিনী-কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার দেওয়ান রফিকুল আনোয়ার জানিয়েছেন।

আটকদের মধ্যে ২০ জন নারী ও ১৭টি শিশুও ছিল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কোস্ট গার্ডের সেন্ট মার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আরিফ।

কক্সবাজার উপকূলে আটক এদের বাড়ি নারায়ণগঞ্জ, নরসিংদী, নোয়াখালী, কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়।

কোস্ট গার্ড কর্মকর্তা রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৫টার দিকে পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরের মোহনা থেকে দুটি ট্রলারসহ তাদের আটক করা হয়।

ওই দুই ট্রলারে থাইল্যান্ডের ছয়জন এবং মিয়ানমারের পাঁচজন মাঝি ছিল, তাদেরও আটক করা হয়েছে।

ওই ট্রলার দুটি নিয়ে টেকনাফে রওনা হয়েছে কোস্ট গার্ড। ট্রলারে থাকা লেফটেন্যান্ট আরিফ বলেন, টেকনাফে নামার পর আটক সবাইকে পুলিশের হাতে তুলে দেয়া হবে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় অবৈধভাবে পাচারে একটি চক্র কাজ করে। মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে এভাবে যাওয়ার চেষ্টা চালানো অনেকে গভীর সাগরে ট্রলারডুবিতে মৃত্যুর ঘটনাও ঘটছে।